উদ্বোধনের এক বছর পরও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সরক​ারি ব্যায়ামগার ভবন
ঝিনাইদহ সরক​ারি ব্যায়ামগার ভবন

ঝিনাইদহ জেলার একমাত্র সরকারি ব্যায়ামাগার উদ্বোধনের এক বছর পরও চালু হয়নি। সেখানে পড়ে থেকে নষ্ট হচ্ছে ১০ লাখ টাকার নানা উপকরণ। ব্যায়ামাগার চালু নিয়ে জেলা প্রশাসন ও মহেশপুর উপজেলা প্রশাসন একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। 
সরেজমিনে দেখা যায়, মহেশপুর থানাসংলগ্ন এলাকায় ব্যায়ামাগারটি অবস্থিত। দালানের তত্ত্বাবধায়ক জানান, সবুজ রঙের এ পাকা দালানের ভেতরে কিছু ব্যায়ামের সামগ্রীও রাখা রয়েছে।
মহেশপুরের কয়েকজন যুবক জানান, প্রশাসনের উদ্যোগের অভাবে ব্যায়ামাগারটি এখনো চালু হয়নি। ভবনে ময়লা জমছে, ভেতরের উপকরণগুলো নষ্ট হচ্ছে। ব্যায়ামাগারটি অলস পড়ে থেকে নিজেই অসুস্থ হয়ে গেছে।
ঝিনাইদহ জেলা পরিষদের কার্যালয় সূত্র জানান, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাংসদ শফিকুল আজম খান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থাকাকালে এ এলাকায় একটি ব্যায়ামাগার করার উদ্যোগ নেন। অর্থ বরাদ্দ পাওয়ার পর কাজটি বাস্তবায়ন করে ঝিনাইদহ জেলা পরিষদ।
জেলা পরিষদের সাবেক উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, ২০১১ সালের ১৬ ডিসেম্বর প্রায় সাড়ে ৭১ লাখ টাকার ব্যয় ধরে ব্যায়ামাগারটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ করার কথা ছিল ২০১২ সালের ৭ জুলাই। কিন্তু তা শেষ হয় ওই বছরের ৩১ ডিসেম্বর। ২০১৩ সালে ভবনটি উদ্বোধন করেন শফিকুল আজম খান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী এস এম মৈনূর জানান, উদ্বোধনের পর ব্যায়ামাগারটি চালু রাখতে মহেশপুর ইউএনওকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে স্থানীয়ভাবে একটি পরিচালনা কমিটি গঠন করে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে বলা হয়। ভবনটি দেখভাল করার জন্য একজন তত্ত্বাবধায়ক কাজ করছেন। এর পরও কেন চালু হয়নি, তা তিনি বুঝতে পারছেন না।
মহেশপুরের ইউএনও নাছিমা খাতুন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে যোগ দেন। অথচ তিনি জানান, এ-জাতীয় কোনো চিঠি এখনো পাননি।