ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দুটি উদ্বোধনের পর এক বছরের বেশি সময় পার হলেও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেনি সরকার। অথচ গত অর্থবছরে দুটি স্থলবন্দর থেকে প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর হালুয়াঘাট উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। দুটি বন্দর দিয়ে প্রায় ৫০০ আমদানিকারক ভারতীয় কয়লা বাংলাদেশে আনছেন। এই কয়লা বাংলাদেশের বিভিন্ন জেলায় পরিবহনের জন্য প্রতিদিন গড়ে ৪০০ ট্রাক চলাচল করে। কিন্তু উপজেলা সদর থেকে বন্দরের সড়কটি খুবই সরু হওয়ায় কয়লাবাহী ট্রাক চলাচল করতে অসুবিধা হয়। বন্দর থেকে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য বিকল্প সড়ক নেই।
২০১২ সালের ১৫ সেপ্টেম্বর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন উদ্বোধন করার সময় দুটি স্থলবন্দরের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। বাধ্য হয়ে ‘আমদানি ও রপ্তানিকারক গ্রুপ হালুয়াঘাট সংগঠন’-এর সদস্যরা সম্প্রতি বন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য কিছু কাজ শুরু করেছেন।
গোবরাকুড়া বন্দরের রাজস্ব কর্মকর্তা গাজী গোলাম মোহামঞ্চদ জানান, ২০১২-১৩ অর্থবছরে এই বন্দর থেকে ৬০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবু সরকার বন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোনো কার্যালয় নির্মাণ করে দেয়নি। আমদানিকারকেরা নিজেদের অর্থায়নে একটি টিনের ঘর তুলে দিয়েছেন। এই ঘরেই চলে দাপ্তরিক কাজ ও বসবাস। কড়ইতলী বন্দরের রাজস্ব কর্মকর্তা মো রফিকুল ইসলাম জানান, ২০১২-১৩ অর্থবছরে কড়ইতলী বন্দর থেকে রাজস্ব আদায় হয় ৩৭ কোটি টাকা। কিন্তু সরকার এখনো বন্দরে বিদ্যুতের সংযোগ দেয়নি। তাঁরা একটি ভাড়া বাড়িতে দাপ্তরিক কাজের পাশাপাশি বসবাস করছেন।