উদ্বোধনের এক মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় গত ১৪ আগস্ট বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। উদ্বোধনের তিন দিন পর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এক মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার গ্রাহকেরা। এদিকে প্রতিমন্ত্রীর ওই উদ্বোধন অনুষ্ঠান বর্জন করার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে এলাকার মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। পিডিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটির বিলাইছড়ি উপজেলা থেকে জুরাছড়ি উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন নেওয়া হয়। গত ১৪ আগস্ট প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার উপজেলায় বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেন। ওই সময় আদিবাসী হিসেবে সংবিধানে স্বীকৃতির দাবিতে স্থানীয় লোকজন প্রতিমন্ত্রীর ওই উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেন। সাধারণ জনগণের চাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধি ওই অনুষ্ঠানে যাননি। এমনকি প্রতিমন্ত্রীর সঙ্গে কেউ সৌজন্য সাক্ষাৎও করেননি। এ নিয়ে পরের দিন ১৫ আগস্ট প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।উপজেলার যক্ষ্মা বাজারের দোকানদার মো. আফসার বলেন, ‘সৌরবিদ্যুৎ কেনার জন্য আমি টাকা জমিয়েছিলাম। সেই টাকা জামানত দিয়ে বাড়ি এবং দোকানে বিদ্যুৎ-সংযোগ নিই। কিন্তু লাভ কী হলো?’কিয়াং বাজারের ব্যবসায়ী নিরূপম চাকমা বলেন, ‘বিদ্যুতের সংযোগের আশায় একটি ফ্রিজ কিনেছিলাম। তিন দিন চালানোর পর সেটি বন্ধ রয়েছে।’ জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক হোসেন বলেন, প্রতিমন্ত্রীকে বর্জনের কারণে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে না—এ ধরনের গুজবের কথা তিনি শুনেছেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন। পিডিবির রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী দীপক খীসা বলেন, ৩৩ কেভি বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হলেও লো টেনশন বা এলটি (নিম্ন ভোল্টেজের লাইন) দেওয়া হয়নি। তাই সংযোগ দেওয়া হচ্ছে না।