উদ্বোধনের ছয় মাসেও চালু হয়নি বিজয় একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার আসনবিশিষ্ট নবনির্মিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় একাত্তর’। নতুন শিক্ষাবর্ষ থেকেই হলে শিক্ষার্থী ওঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু উদ্বোধনের ছয় মাস পেরিয়ে গেলেও চালু হয়নি হলটি৷
গত বছরের ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-শিক্ষক-কর্মচারীদের জন্য মোট পাঁচটি ভবনের উদ্বোধন করেন৷ এগুলো হলো শিক্ষার্থীদের জন্য ‘বিজয় একাত্তর হল’ ও এমবিএ ভবনের সম্প্রসারিত অংশ, জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য ফুলার রোডে ‘শহীদ মুনীর চৌধুরী ভবন’, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উল্টো পাশে ‘বঙ্গবন্ধু টাওয়ার’ এবং তরুণ শিক্ষকদের জন্য অমর একুশে হলের পাশে ‘শহীদ আবুল খায়ের ভবন’৷ এর মধ্যে শহীদ আবুল খায়ের ভবন ও এমবিএ ভবনের সম্প্রসারিত অংশ চালু হয়েছে৷ বাকি তিনটি ভবন এখনো চালু হয়নি৷
অভিযোগ রয়েছে, ২০ থেকে ৩০ শতাংশ কাজ বাকি রেখেই তাড়াহুডা করে ভবনগুলো উদ্বোধন করা হয়েছিল।
এসব ভবনের উদ্বোধন সরকারের সফলতার প্রচার কি না, জানতে চাইলে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ভবনগুলোর নির্মাণকাজ এখন একেবারেই শেষ। কাজের ৯০ থেকে ৯৫ শতাংশ শেষ করেই এগুলো উদ্বোধন করা হয়েছে।’
কবে নাগাদ চালু হতে পারে সে সম্পর্কে তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারী নিয়োগের পর ভবনের বরাদ্দ দেওয়া হবে। তারপর ভবন চালু করা হবে। এসব কাজে অনেক সময় লাগে। উন্নয়নমূলক কাজ সাধারণত এভাবেই করতে হয়।’
প্রশাসনিক ভবন সূত্র জানায়, বিজয় একাত্তর হলে এখন পর্যন্ত শুধু প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। আবাসিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের পর সেটা চালু করা হবে। বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগের চাহিদা পাঠানো হয়েছে। হলটিতে কোন শিক্ষার্থীদের তোলা হবে, তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। এখন পরিকল্পনা করা হচ্ছে, শিগগিরই শুরু হতে যাওয়া চারটি হলের সংস্কার করার সময় সেখানকার কিছু শিক্ষার্থীকে বিজয় একাত্তর হলে সাময়িকভাবে ওঠানো হবে।
শিক্ষার্থীরা বলছেন, বিজয় একাত্তর হলটি চালু হলে আবাসন সমস্যা কিছুটা হলেও লাঘব হতো৷
হলের নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিলেই আমরা হল চালু করতে পারি।’
১০ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ারের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১২ সালের ২৮ নভেম্বর। কাজ শুরুর এক বছরের মাথায় নির্মাণকাজ শেষ ঘোষণা করা হয়।
কিন্তু সরেজমিনে দেখা যায়, ৭২টি ফ্ল্যাটের এই ভবনের কাজ এখনো শেষ হয়নি। নিচতলায় নির্মাণশ্রমিকেরা থাকেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, আরও দেড় থেকে দুই মাস তাঁদের কাজ করতে হবে।
ফুলার রোডে জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য নির্মাণাধীন ভবনের কাজও বাকি রয়েছে। বরাদ্দ দেওয়া হয়নি কাউকে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের একাধিক কর্মকর্তা বলেন, ১২ তলাবিশিষ্ট এই ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ সম্প্রতি শেষ হয়েছে। তবে এখনো বসবাসের উপযোগী হয়নি। ভেতরে-বাইরে দেয়ালের আস্তরণের কাজ বাকি এখনো।