উদ্বোধনের ছয় বছরেও চালু হয়নি ৫০ শয্যার হাসপাতাল
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্র্রসারিত ৫০ শয্যার হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ছয় বছর পেরিয়ে গেছে। কিন্তু সেখানে চিকিৎসা কার্যক্রম এখন পর্যন্ত চালু হয়নি। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবসহ প্রয়োজনীয় জনবলসংকটকে দায়ী করা হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, কেন্দুয়ার দরিদ্র জনগোষ্ঠীকে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০২ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য সম্প্রসারিত তিনতলা নতুন ভবন নির্মাণ শেষে ২০০৬ সালের ১ আগস্ট উদ্বোধন করা হয়। এতে আধুনিক অস্ত্রোপচারের আধুনিক ব্যবস্থা রাখা হয় এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম, আসবাব সরবরাহ করা হয়। কিন্তু দীর্ঘ ছয় বছরেও নতুন ভবনে ৫০ শয্যার চিকিৎসা কার্যক্রম চালু হয়নি। ফলে সেখানে ‘অটোক্লেভ’ যন্ত্রটিসহ মূল্যবান অন্যান্য যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম বাক্সবন্দী অবস্থায় পড়ে রয়েছে। ফলে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে যে চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে, তাতেও সমস্যার অন্ত নেই। চিকিৎসকের নয়টি পদের মধ্যে চারটি এবং সেবিকার (নার্স) ১২টি পদের নয়টিই শূন্য রয়েছে। তা ছাড়া অন্যান্য কর্মচারীর সংখ্যা এবং ওষুধের সরবরাহ অপর্যাপ্ত রয়েছে। হাসপাতালের একমাত্র এক্স-রে যন্ত্রটিও দুই বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে কেন্দুয়ার সাড়ে তিন লাখেরও বেশি মানুষ উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। তা ছাড়া আন্তবিভাগেও অনেক রোগী ভর্তি হন। এই অবস্থায় ডাক্তার-নার্স সংকটের পাশাপাশি ও প্রয়োজনীয় ওষুধের অভাবে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য শহিদুল হক অভিযোগ করেন, কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে লোকজন হাসপাতালটির ওপর আস্থা হারিয়ে ফেলছে। তাই রোগীরা ময়মনসিংহ কিংবা ঢাকায় যেতে বাধ্য হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আহমেদ বলেন, হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি।নেত্রকোনার ডেপুটি সিভিল সার্জন বিজন কান্তি সরকার প্রথম আলোকে বলেন, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগের চেষ্টা চলছে।স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী প্রথম আলোকে বলেন, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকসহ জনবল নিয়োগের ব্যাপারে জাতীয় সংসদে আলোচনা এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।