উদ্বোধনের তিন দিন পরই সেতুতে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের তিন দিন পরই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা শাহজাহানপুর সেতুতে ফাটল ধরেছে। উঠে যাচ্ছে পলেস্তারা। গত রোববার বিকেলে প্রায় ৪০ টন পণ্যবোঝাই একটি ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় স্লাবে এই ফাটলের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, সেতুর কাজ চলার সময় এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা সঠিকভাবে তদারকি না করায় নিম্নমানের কাজ হয়েছে। তাই সেতুটিতে ফাটল ধরেছে। গত রোববার বিকেলে গিয়ে দেখা গেছে, সেতুর পাটাতনের স্লাবে লম্বালম্বি ও আড়াআড়িভাবে কয়েকটি স্থানে ফাটল ধরেছে। স্লাবের ওপরের পলেস্তারা উঠে যাচ্ছে।এলজিইডির উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন. এই সেতুর ধারণক্ষমতা ৮ থেকে ১০ মেট্রিক টন। কিন্তু গত রোববার ৪০ থেকে ৪৫ মেট্রিক টন পণ্যবোঝাই একটি ট্রাক (১০ চাকার) অবৈধভাবে সেতু পার হওয়ার সময় এই ফাটলের সৃষ্টি হয়েছে। তিনি সেতুর কাজ চলার সময় তাঁর কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুর দুই পাশে সেতুর ধারণক্ষমতার কথা উল্লেখ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। কিন্তু ট্রাকচালকেরা তা মানছেন না। তিনি জানান, জরুরি ভিত্তিতে ফাটল মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাঁচ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে করতোয়া নদীর ওপর এই সেতুটি নির্মাণ করেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ১০ ফেব্রুয়ারি সেতুর উদ্বোধন করেন।