উদ্বোধনের পর তিন মাসেও নির্মাণ সম্পন্ন হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের তিন মাস পরও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ সাবরেজিস্ট্রার কার্যালয় ভবনের নির্মাণকাজ কাজ শেষ হয়নি। এখনো ভাড়া করা আধাপাকা ভবনেই প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম চলছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সুনামগঞ্জ গণপূর্ত বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশাগঞ্জ বাজারে ভাড়া করা আধাপাকা ভবনে ১৯৮৩ সাল থেকে এ কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলে আসছে। ২০০৯ সালের জুনে এক কোটি ছয় লাখ টাকা ব্যয়ে দরপত্রের মাধ্যমে কার্যালয়ের জন্য দ্বিতল ভবন, সংযোগ সড়ক ও সীমানা দেয়ালের নির্মাণের কাজ পায় সিলেটের আক্তার ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের ডিসেম্বরে ভবন নির্মাণের কাজ শুরু হয়। তবে মাস চারেক কাজ চলার পর ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধি কাজ গুটিয়ে চলে যান। পরে সেই কার্যাদেশ বাতিল করা হয়।
ভবনের অবশিষ্ট কাজ করানোর জন্য ২০১২ সালের জুনে আবার দরপত্র আহ্বান করা হয়। এ দফায় কাজ পায় দ্য প্যাট্রিয়ট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি। এ অবস্থার মধ্যেই ১০ অক্টোবর স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ভবনটির উদ্বোধন করেন।
এলাকার অনেকে অভিযোগ করেন, ঠিকাদারেরা কখনো এলাকায় আসেননি। গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাত করে ঠিকাদারের নিয়োজিত লোকজন যেনতেনভাবে ভবন নির্মাণ ও অন্যান্য কাজ করছেন। এতে স্থানীয় আওয়ামী লীগের একজন নেতাও জড়িত রয়েছেন।
আক্তার ট্রেডার্সের নিয়োজিত প্রতিনিধি জামাল চৌধুরীর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।
দ্য প্যাট্রিয়টের স্বত্বাধিকারী জামিল আহমেদ বলেন, ‘আমি এখন ব্যস্ত। এ নিয়ে পরে কথা বলব।’ তবে তাঁর নিয়োজিত প্রতিনিধি খোকা মিয়া বলেন, কাজে কোনো অনিয়ম হচ্ছে না। মাস খানেকের মধ্যে সব কাজ শেষ হবে।
তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী ওমর ফারুক বলেন, ‘এখনকার কাজে কোনো অনিয়ম হচ্ছে না। শিগগিরই পুরো কাজ শেষ হবে বলে আশা করছি।’
সাবরেজিস্ট্রার মহসীন মিয়া বলেন, নিরুপায় হয়ে পুরোনো আধাপাকা ভবনেই কষ্ট করে দাপ্তরিক কাজ চালাতে হচ্ছে।
সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিকী বলেন, ভবনের পুরো কাজ শেষ না হলে তা উদ্বোধন করার নিয়ম নেই। কাজ শেষ না করে ঠিকাদারেরা টাকা তুলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখানে নতুন এসেছি; কোনো অনিয়মে আমি জড়িত নই। খুব দ্রুত অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।’
এ নিয়ে সাংসদ মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।