উদ্বোধনের পরই অবৈধভাবে মাটি কাটা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পাল্লী মৌজার সরকারি মালিকানাধীন ‘বেতলাই বিল’ থেকে অবৈধভাবে মাটি বিক্রির প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে বিলের এক প্রান্তে মানববন্ধন ও বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী। আর অপর প্রান্তে পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ বেনজীর আহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ পুনঃখননের নামে অবৈধভাবে মাটি বিক্রিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। কিন্তু সাংসদ চলে যাওয়ার পরই অবৈধভাবে মাটি কাটা শুরু হয়। ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকা এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের (চতুর্থ পর্যায়) আওতায় চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তর থেকে বেতলাই বিল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের শর্তানুযায়ী বিলের অভ্যন্তরে ১৭ হাজার ৪৩ ঘনমিটার এলাকায় ১১ হাজার ১২ ঘনমিটার মাটি খননের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়। চুক্তি অনুযায়ী ৩ মে থেকে ৩১ মের মধ্যে প্রতি ঘনমিটার মাটি খননের জন্য ৯১ দশমিক ১১ টাকা পারিশ্রমিকে ২০ জন পুরুষ শ্রমিকের ওই পরিমাণ মাটি খনন করার কথা। কিন্তু ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহরাব হোসেন এবং স্থানীয় কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুরবান আলী এই নিয়মনীতি না মেনে বিলের পাশের একটি ইটভাটার কাছে মাটি বিক্রি করে দেন। ভাটার মালিক ভেকু দিয়ে ওই মাটি কেটে নিচ্ছেন। বিল পুনঃখননের নামে অবৈধভাবে এই মাটি বিক্রির প্রতিবাদে ‘বেতলাই বিল’ রক্ষা কমিটির ব্যানারে এলাকাবাসী গতকাল দুপুরে বিলের পশ্চিম পাশে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবৈধভাবে মাটি বিক্রি বন্ধের দাবি জানান। এলাকাবাসীর এই বিক্ষোভ চলাকালে বিলটির পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করতে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের নিয়ে বিলের পূর্ব প্রান্তে উপস্থিত হন স্থানীয় সাংসদ বেনজীর আহাম্মদ। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ পর আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিল পুনঃখননের নামে অবৈধভাবে কেউ মাটি বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কিন্তু এর কয়েক ঘণ্টা পরই অবৈধভাবে মাটি কাটতে শুরু করেন বিলসংলগ্ন ইটভাটা কর্তৃপক্ষ। সাংসদ চলে যাওয়ার পর গতকাল বিকেলে বিল এলাকায় গিয়ে দেখা যায়, দুটি ভেকু দিয়ে ১২টি ট্রাকে করে মাটি কেটে নিয়ে ফেলা হচ্ছে বিলসংলগ্ন মেসার্স এসবি ব্রিকস নামের অনুমোদনহীন একটি ইটভাটায়।জানতে চাইলে ওই ইটভাটার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, তাঁরা ধামরাইয়ের সুয়াপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহরাব হোসেনের কাছ থেকে মাটি ক্রয় করেছেন। যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে সোহরাব হোসেন বলেন, পুনঃখনন প্রকল্পের আওতায় মাটি খনন করে বিলের তীর বাঁধানোর পর উদ্বৃত্ত মাটি বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে। তীর বাঁধানোর আগে ইটভাটায় মাটি নেওয়ার কথা নয়। ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুজ্জামান বলেন, তীর বাঁধানোর পর অতিরিক্ত মাটি বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া কথা। এই সিদ্ধান্ত উপেক্ষা করে মাটি কেটে থাকলে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে মাটি বিক্রিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পরও তা বন্ধ হয়নি কেন, জানতে চাইলে সাংসদ বেনজীর আহাম্মদ বলেন, খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।