উদ্বোধনের পরও কাজে আসছে না সেতুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমায় সাঙ্গু নদের ওপর নির্মিত ‘রুমা সাঙ্গু সেতু’টি উদ্বোধনের এক বছর পরও কোনো কাজে আসছে না। সেতুর সঙ্গে উপজেলা সদরের চার কিলোমিটার সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় সেতুটি অকেজো অবস্থায় পড়ে আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযোগ সড়ক নির্মাণের জন্য ৩০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আটকে রয়েছে। চার কিলোমিটারের কাজ পুরোদমে শুরু করা না গেলেও উপজেলা সদর পর্যন্ত যানবাহন চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেন, সেতুটি নিয়ে উপজেলাবাসীর অনেক প্রত্যাশা। কিন্তু চার কিলোমিটার সড়কের জন্য সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। সাড়ে ২৬ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মিত হলেও মানুষ এখনো আগের মতোই হেঁটে ও নৌকায় চলাচল করতে বাধ্য হচ্ছে। সেনাবাহিনী সেতুটি নির্মাণ করেছে।
বান্দরবান জেলা বাস-জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম বলেন, উপজেলা সদর বাজার পর্যন্ত সড়ক না হওয়ায় মানুষের ভোগান্তি আগের মতোই রয়ে গেছে।
রুমা বাজারের মিলন দাশ, সেতু এলাকার উচনু ও সুইক্যচিং মারমাসহ অনেকে বলেন, জেলার মধ্যে রুমায় সবচেয়ে বেশি আনারস, কমলা, কাজু বাদাম, কফি, কলাসহ বিভিন্ন ফল উৎপন্ন হয়। কেওক্রাডং, তাজিংডং (বিজয়), বগালেক, রাইনক্ষ্যং লেকের মতো প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভারও এ উপজেলায় রয়েছে। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রুমা সাঙ্গু সেতু। কিন্তু গত বছরের ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করলেও সেটি এখনো অকেজো অবস্থায় পড়ে আছে।
বর্ষায় বন্ধ থাকা সড়কের কাজ আগামী সপ্তাহে শুরু হবে উল্লেখ করে সেনাবাহিনীর ১৯ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) মেজর আশিকুল ইসলাম বলেন, সেতুর গোড়া থেকে রুমা থানা পর্যন্ত সড়কটি চার কিলোমিটার হলেও পাহাড় ও সেতু-কালভার্টের সংখ্যা বেশি হওয়ায় নির্মাণকাজ অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু সড়কটি নির্মাণ শেষ করা জরুরি। এ জন্য প্রায় ৩০ কোটি টাকার একটি প্রকল্প সওজের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান বলেন, সেনাবাহিনীর তৈরি করা প্রকল্পটি এখন পরিকল্পনা কমিশনে আছে।