উদ্বোধনের প্রায় পাঁচ মাস পরও মিরপুর ১ নম্বরে অবস্থিত হজরত শাহ আলী (রহ.) মার্কেটটি চালু করতে পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দোকান বরাদ্দ ও সালামি নির্ধারণবিষয়ক জটিলতার কারণে মার্কেট চালু করতে দেরি হচ্ছে। গত ২৯ অক্টোবর মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গত শতকের আশির দশকে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট প্রক্রিয়ায় মিরপুর ১ নম্বর এলাকায় ২৪৬টি দোকানসহ শাহ আলী (রহ.) মার্কেটটি সিটি করপোরেশনে হস্তান্তর করা হয়। ২০০৪ সালে মার্কেটের পুরোনো ভবনের সামনের অংশ ভেঙে নতুন নকশা অনুযায়ী ভবন নির্মাণের কাজ শুরু হয়। তখন নতুন ভবনটির ছয়তলার নকশা করা হয়। ২০১২ সালে নকশায় পরিবর্তন এনে ১০ তলা মার্কেট ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। মার্কেটে মোট দোকান হবে ৩ হাজার ৪৩৫টি।
কাজ শুরুর ১৩ বছরেও সম্পূর্ণ নির্মাণকাজ শেষ করতে পারেনি ডিএনসিসি। ১৩৮ দশমিক ৬৩ কাঠা জায়গার ওপরে ১০ তলা মার্কেট ভবন নির্মাণের কথা থাকলেও এক পাশের চারতলা পর্যন্ত ২৯৬টি দোকানের নির্মাণকাজ শেষ হয়েছে। গত ২৯ অক্টোবর মার্কেটের এই অংশ উদ্বোধন করেন মেয়র আনিসুল হক।
ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, আংশিক নির্মিত ভবনটির নিচতলায় দোকান রয়েছে ৬৮টি। এর মধ্যে ১০টি দোকান নিয়ে জটিলতা রয়েছে। পাঁচটি দোকান বরাদ্দ নিয়ে মামলা চলমান আর পাঁচটি দোকান মার্কেটের ২০১২ সালের নকশাতেই ছিল না। নির্মাণের পরে দেখা যায়, নকশার বাইরে বিভিন্ন কোনায় পাঁচটি দোকান তৈরি হয়েছে।
এ ছাড়া মার্কেটের পুরোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এবং মুক্তিযোদ্ধা সমিতির অনুকূলে দোকান বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়। আর সম্পূর্ণ ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় দোকানের সালামি নির্ধারণ নিয়েও সমস্যায় পড়ে ডিএনসিসির রাজস্ব বিভাগ।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রথম আলোকে বলেন, শাহ আলী মার্কেটের দোকান বরাদ্দ বিষয়ে নানান জটিলতা ছিল। বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে অধিকাংশ সমস্যার সমাধান করা হয়েছে। দোকানের চূড়ান্ত বরাদ্দপত্র প্রস্তুত করা হয়েছে। আগামী মাসে মার্কেট চালু করা যাবে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, মার্কেট ভবনের ফটকের সামনে ও ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট, কাঁচাবাজার। এসব অস্থায়ী দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৯ অক্টোবর মার্কেটটি উদ্বোধনের আগে তাদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু মার্কেট চালু না হওয়ায় তারা আবার দোকান বসিয়েছে।
অবিভক্ত সিটি করপোরেশন দোকান বরাদ্দে একটি কমিটি করে পুরোনো মার্কেটের ব্যবসায়ীদের তালিকা যাচাই করে। কমিটি তালিকা যাচাই-বাছাই করে ১৭টি সমিতির সদস্যদের মধ্যে দোকান বরাদ্দের সুপারিশ করে। এসব সমিতির সদস্যদের মধ্যে ৩ হাজার ৫৪টি দোকান বরাদ্দ হবে। এর বাইরে পুরোনো ক্ষতিগ্রস্তদের অনুকূলে ২৪৬টি, মুক্তিযোদ্ধা সমিতি ১০০টি এবং মেয়র কোটায় ৩৫টি দোকান বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়।
দোকান বরাদ্দের জন্য সালামি বাবদ সিটি করপোরেশন প্রায় ৫৯ কোটি টাকা আদায় করেছে। অবিভক্ত সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ ৩২ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকা এবং ডিএনসিসি কয়েক কিস্তিতে আদায় করে ২৬ কোটি ৬ লাখ টাকা। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন এবং ডিএনসিসির দায়িত্বহীনতায় ভোগান্তিতে পড়েছে টাকা জমা দেওয়া তিন হাজারের বেশি পরিবার।
দীর্ঘ ১৩ বছর পরে মার্কেটের অংশবিশেষ উদ্বোধন হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আশান্বিত হয়েছিলেন। কিন্তু মার্কেট চালু না হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের চাওয়া, দ্রুত মার্কেটটি চালু করা হোক।
কমিটির সুপারিশ অনুযায়ী মিরপুর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা ৭০০টি দোকান পাবেন। সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, এক যুগে মার্কেটের একটি অংশের কাজ শেষ হয়েছে। সেটিও উদ্বোধনের পরে চালু হচ্ছে না। উদ্বোধনের পরে ডিএনসিসি দোকান বরাদ্দের বিষয়ে কাজ করছে। আগামী মাসে চালু করবে বলে সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে।