উদ্বোধনের পাঁচ মাসেও বাসটার্মিনাল চালু হয়নি
উদ্বোধন করার পাঁচ মাস পরেও প্রায় চার কোটি টাকা খরচ করে নির্মাণ করা মৌলভীবাজার বাসটার্মিনাল চালু হয়নি। এটি চালু না করায় শহরের বেশির ভাগ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো পৌরসভার বিরুদ্ধে সঠিক স্থান নির্বাচন না করার অভিযোগ তুলে নতুন বাস টার্মিনালে যেতে রাজি না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের প্রায় সব কটি সড়কে অবৈধভাবে বাসস্ট্যান্ড গড়ে উঠেছে। অনেক দিন ধরেই জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সড়কের বাস ও মিনিবাসগুলো সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে এবং নামাচ্ছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, গাড়ি ও মাইক্রোবাসের স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের কোদালিছড়া এলাকা থেকে কুসুমবাগ এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। পৌর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, যানজটের কারণে সড়কের ওপর থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নিতে পৌরসভার পশ্চিম দিকের শেষ প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যুগিডর এলাকায় মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে একটি বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এই বাস টার্মিনাল নির্মাণে প্রায় চার কোটি টাকা খরচ হয়েছে। গত বছরের আগস্ট মাসে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম টার্মিনালটি উদ্বোধন করেন। মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সৈয়দ মফচ্ছিল আলী বলেন, ‘টার্মিনাল নির্মাণ মেয়রের একটি ভুল পরিকল্পনা। নিয়মানুযায়ী টার্মিনাল নির্মাণের জায়গা নির্বাচনের আগে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে মেয়রের সভা করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। সৈয়দ মফচ্ছিল আলী আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম সড়ক ও জনপথ ভবনের পাশে টার্মিনাল করা হবে। মূল শহর থেকে দেড়-দুই কিলোমিটার দূরে টার্মিনাল করা হয়েছে। সেখান থেকে শহরে আসতে যাত্রীরা দুর্ভোগে পড়বে। এখন টার্মিনাল চালু হলেও আমাদের বাস ও মিনিবাস সেখানে যাবে না। নতুন একটি টার্মিনাল নির্মাণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’পৌর মেয়র ফয়জুল করিম বলেন, ‘টার্মিনাল চালু করতে ইজারা দেওয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন। কিছু দিনের মধ্যেই পত্রিকায় ইজারার জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। ইজারা হয়ে গেলেই জেলা সমন্বয় কমিটির সভায় টার্মিনাল চালু নিয়ে আলাপ হবে। সবার সুবিধামতো টার্মিনালের জন্য স্থান নির্বাচন করা সম্ভব নয়।’