উদ্বোধনের সাত বছরেও বাস টার্মিনাল চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধন করার প্রায় সাত বছর পরও দুই কোটি টাকা খরচ করে নির্মাণ করা কক্সবাজারের টেকনাফ বাস টার্মিনাল চালু হয়নি। এটি চালু না হওয়ায় শহরের বেশির ভাগ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, টেকনাফ শহরের প্রায়ই সড়কে অবৈধভাবে বাসস্ট্যান্ড গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই দূরপাল্লার বাস ও মিনিবাসগুলো সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা, টমটম, মিশুক, জিপগাড়ি ও মাইক্রোবাসের স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে টেকনাফ পুরান বাসস্টেশন এলাকা থেকে কুলালপাড়া জিপস্টেশন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে।এলজিইডি সূত্র জানায়, গত জোট সরকারের আমলে জেলা পরিষদের অর্থায়নে দুই কোটি টাকায় ১০ একর জমি অধিগ্রহণ, চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ ও উত্তর-দক্ষিণে লম্বা সেমিপাকা একটি টিনশেড ভবন নির্মাণ করা হয়। ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এটি উদ্বোধন করেন। প্রায় সাত বছর অকেজো অবস্থায় পড়ে রয়েছে বাস টার্মিনালটি। শহর যানজটমুক্ত করতে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সব ধরনের যানবাহন টার্মিনালে স্থানান্তর করা হয়। কিন্তু ২০০৯ সালে ক্ষমতার পালাবদলের পর আবার পৌরসভার বিভিন্ন সড়কের উভয় পাশে জায়গা দখল করে বাস, মাইক্রোবাস ও জিপস্টেশন আগের স্থানে চলে আসে।টেকনাফ বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক হাসান আহমদ বলেন, ‘নিয়মানুযায়ী টার্মিনাল নির্মাণের জায়গা নির্ধারণের আগে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে সভা করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। এখন মূল শহর থেকে দেড়-দুই কিলোমিটার দূরে টার্মিনাল করা হয়েছে। সেখান থেকে শহরে আসা-যাওয়া করতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। তাই যাত্রীদের সুবিধার্থে শহর থেকে দূরপাল্লার বাস ছাড়া হচ্ছে।’পৌর মেয়র হাজি মো ইসলাম বলেন, বাস টার্মিনালটি চালু করার জন্য একাধিকবার পরিবহন সংগঠনগুলোকে চিঠি দেওয়ার হয়েছে। কিন্তু তারা চিঠির কোনো জবাব দেয়নি। তাই কিছুদিনের মধ্যে পুরো এলাকার যানবাহনগুলো টার্মিনালে সরিয়ে নিতে মাইকিং করা হবে। এর পরও যদি কার্যকর না হয়, তাহলে প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তে পরিবহন সংগঠনগুলোকে বাস টার্মিনালে চলে যাওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে এবং শহরকে যানজটমুক্ত করতে বাংলা ১৪২০ অর্থবছরে বাস টার্মিনাল ইজারা দেওয়া জন্য পৌরসভাকে বলা হয়েছে।’