রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ৫৩০ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীতকরণের জন্য নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ছয় বছর আগে। ২৪ কোটি টাকার এই ভবনের চারতলার নির্মাণকাজ শেষ হয়েছে। সাড়ে চার মাস আগে এর উদ্বোধনও করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় শয্যা, মেডিকেল গ্যাস (সিলিন্ডারভর্তি অক্সিজেন), শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও জনবলের অভাবে ভবনটি চালু করা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষও ভবনটি বুঝে নেয়নি এখনো।হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালের আধুনিক ও সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথম পর্যায়ে এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় ২৬ কোটি টাকা। পরে সংশোধিত ব্যয় ধরা হয় ২৯ কোটি দুই লাখ টাকা। এর মধ্যে শুধু ভবনের পেছনেই ব্যয় হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। এতে ৩০০ শয্যা পাতা যাবে। ১০ তলা সম্পন্ন হলে হাসপাতালটি এক হাজার শয্যায় উন্নীত হবে। গণপূর্ত বিভাগ এই কাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ এতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), সিসিইউ ও বার্ন ইউনিটসহ আরও কয়েকটি বিভাগ স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে। এ জন্য এতে মেডিকেল গ্যাসের সরবরাহের অতিরিক্ত উৎস, পাইপলাইন স্থাপন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, বিশেষজ্ঞ চিকিৎসক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, জরুরি চিকিৎসা কর্মকর্তা, প্রয়োজনীয় আসবাব ও শয্যার প্রয়োজন রয়েছে। গত ১৭ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক ভবনটির উদ্বোধন করেন। তবে মেডিকেল গ্যাস ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবস্থা করবে গণপূর্ত বিভাগ। গত মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ২০০ শয্যার দায়িত্ব নিয়েছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষের ১০০ শয্যার ব্যবস্থা করার কথা রয়েছে। জানতে চাইলে রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক প্রথম আলোকে জানান, গ্যাস বিদেশ থেকে আনতে হয়। কবে নাগাদ আনা যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই অর্থবছরের মধ্যে হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। আর শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যাপারে তিনি জানান, আগামী গরমের আগেই হবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ১৮ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে একটি চিঠিতে জানিয়েছে, ভবনটি সম্পূর্ণ কার্যকর করতে হলে গ্যাস, শয্যা, আসবাব ও অতিরিক্ত জনবলের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ রোগী ভর্তি থাকে। পুরোনো ভবনে স্থান সংকুলান না হওয়ায় নতুন ভবনে বিভাগগুলো দ্রুত স্থানান্তর করা জরুরি। হাসপাতালের পরিচালক কর্নেল মো. সাইদুর রহমান জানান, যাদের কাজ করার দায়িত্ব ছিল, তারা চুক্তি অনুযায়ী কাজ শেষ করেনি। তারা মেডিকেল গ্যাসের জন্য ছয় মাস এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের জন্য তিন মাস সময় চেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও আসবাব ও জনবলের ব্যবস্থা করতে হবে। চার বছর থেকে হাসপাতালে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। এখানে কমপক্ষে ১৪০ জন লোক দরকার।