উদ্বোধনের ১০ দিন পর উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নবনির্মিত ১৫০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন পিকিং পাওয়ার প্লান্ট গত শুক্রবার দুপুরে চালু করা হয়েছে। গতকাল শনিবারও গ্যাসভিত্তিক এই কেন্দ্রের উৎপাদন স্বাভাবিক ছিল। সারা দিন বিভিন্ন পর্যায়ে কেন্দ্রটিতে ৭০ থেকে সর্বোচ্চ ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের পিকিং পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের চার ঘণ্টার মধ্যেই গ্যাসের অভাবে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে আবার চালু করার চেষ্টা করলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসব সমস্যার কারণে গত ১০ দিন এ কেন্দ্রে উৎপাদন বন্ধ ছিল। ত্রুটি সারানোর জন্য বর্তমানে সেখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চীনা প্রকৌশলীরা উপস্থিত রয়েছেন।রাউজান ও শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী শিবু কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র নির্মাণপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী আমরা শুক্রবার থেকে বিভিন্ন পর্যায়ে উৎপাদন পরীক্ষা করছি। এ জন্য সর্বনিম্ন ৭০ থেকে সর্বোচ্চ ১৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে দেখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য চীনা প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা থেকে পিডিবির লোকজন এসেছেন। উৎপাদন পরীক্ষা শেষে ফলাফল বের করে সার্বিক পরিস্থিতি যাচাই করা হবে।’পিডিবির সূত্র জানায়, পিকিং পাওয়ার প্লান্টে উৎপাদন পরীক্ষার সময় গ্যাসের সরবরাহ কমবেশি হওয়ায় রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটেও উৎপাদন ওঠানামা করে। বর্তমানে রাউজানের দুই ইউনিটের প্রতিটিতে ১৮০ মেগাওয়াট করে মোট ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পিকিং পাওয়ার প্লান্টে গ্যাস সরবরাহ করার কারণে গতকাল সকালে এই দুটি ইউনিটে উৎপাদন কমে ২৯০ মেগাওয়াটে দাঁড়ায়। দুপুরে কমে তা ২২০ মেগাওয়াট হয়।জানা গেছে, ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি পিডিবি ও চীনের সিনোহাইড্রো করপোরেশনের মধ্যে গ্যাসভিত্তিক প্রকল্পটি বাস্তবায়নে চুক্তি করা হয়। কেবল গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হিসেবে নির্মাণের বিষয়টি চুক্তিতে উল্লেখ থাকলেও পরে পিডিবির কর্মকর্তারা এটিকে দ্বৈত জ্বালানি-ব্যবস্থায় রূপান্তরের জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকটের কারণে এ প্রস্তাব পাঠানো হয়।চট্টগ্রাম পিডিবির কর্মকর্তারা জানান, গতকাল সব বিদ্যুৎকেন্দ্র মিলে চট্টগ্রামের উৎপাদন ছিল সন্তোষজনক। দিনে উৎপাদনের পরিমাণ ছিল ৫৭৬ মেগাওয়াট। এর মধ্যে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে (কাপ্তাই) ১০৫ মেগাওয়াট, রাউজানের দুই ইউনিটে ২৯০, শিকলবাহা পিকিং পাওয়ার প্লান্টে ১১৫, ভাড়াভিত্তিক (রেন্টাল) প্রকল্পে ৩০ এবং বেসরকারি রিজেন্ট পাওয়ার থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। সকালে লোডশেডিং ছিল মাত্র ২০ মেগাওয়াট।