উদ্বোধনের ১০ দিনের মাথায় সড়কে গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের ১০ দিনের মাথায় বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের সিলেটের বিশ্বনাথ উপজেলার আজিজনগর এলাকায় একাধিক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সওজের অর্থায়নে তিনটি ভাগে চলছে বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের বর্ধিতকরণ ও সংস্কারকাজ। এর মধ্যে তিন কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দরপত্রের মাধ্যমে লামাকাজী থেকে বিশ্বনাথের দিকে প্রথম ১০ কিলোমিটার সড়কের কার্যাদেশ পায় ‘ছালেহ আহমদ কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ হওয়ার পর ৪ মে সড়কের ওই অংশ উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনের ১০ দিনের মাথায় ওই সড়কের বিশ্বনাথের আজিজনগর এলাকায় একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। পাশাপাশি দেখা দেয় ফাটল। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে একাধিক গর্ত। গর্তগুলোতে পানি জমে আছে। বিভিন্ন স্থানে রয়েছে ফাটল। অটোরিকশার চালক রুহেল মিয়া বলেন, ‘এত দিন পর সড়কটিতে সংস্কার হওয়ায় আশা করেছিলাম শান্তিতে গাড়ি চালাতে পারব। কিন্তু উদ্বোধন হতে না হতেই সড়কে গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে।’ ট্রাকচালক আবদুল তাহিদ বলেন, সড়কটির সংস্কারকাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেন, সওজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। ফলে উদ্বোধনের পরপরই সড়কটি বেহাল হয়ে পড়েছে। অভিযোগ অস্বীকার করে ছালেহ আহমদ কনস্ট্রাকশনের মালিক মিছবাহ উদ্দিন বলেন, বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়কটি আবার সংস্কার করে দেওয়া হবে।সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, বৃষ্টি শেষ হওয়ার পরই ঠিকাদারকে দিয়ে পুনরায় সড়কের গর্ত ও ফাটল সংস্কার করিয়ে নেওয়া হবে। এক বছর পর্যন্ত সংস্কারের এ ধারা অব্যাহত থাকবে। সওজ কর্মকর্তাদের সঙ্গে ঠিকাদারের যোগসাজশের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।