রাজশাহী ডায়াবেটিক সমিতি পরিচালিত নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বের করে দিয়ে গত সোমবার প্রতিষ্ঠানটির তিনতলা ভবন দখল করে নিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র গত ২০ ফেব্রুয়ারি ইনস্টিটিউটের উদ্বোধন করেন।দখলকারী ওই ব্যক্তি দাবি করেছেন, প্রতিষ্ঠানটির সম্পত্তির মালিক তাঁর মা। অথচ যে দলিলমূলে তিনি সম্পত্তি দাবি করেছেন, তা সম্পাদনের সময় দলিলগ্রহীতার জন্মই হয়নি।অভিযোগ সূত্রে জানা গেছে, নগরের লক্ষ্মীপুর ঝাউতলার মোড়ে রাজশাহী ডায়াবেটিক সমিতি ১৯৮৪ সাল থেকে একটি অর্পিত সম্পত্তি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম চালিয়ে আসছে। সমিতি চলতি বছরের ইজারা মূল্যও পরিশোধ করেছে। ডায়াবেটিক সমিতি ওই সম্পত্তির ওপরে তিনতলা একটি ভবন তৈরি করে। সম্প্রতি সমিতি হাসপাতালের কার্যক্রম নতুন একটি ভবনে স্থানান্তর করে এবং ওই তিনতলা ভবনে নার্সিং ইনস্টিটিউট চালু করে।গত সোমবার ইনস্টিটিউটে ক্লাস চলছিল। এ সময় নগরের চণ্ডীপুর কদমতলা মোড় এলাকার বাসিন্দা মোজাহার আলী বিশ্বাসের ছেলে জহুরুল ইসলাম ও তাঁর লোকজন দেশীয় ইনস্টিটিউটে হামলা চালান। তাঁরা শ্রেণীকক্ষ থেকে ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের বের করে দিয়ে ভবনে তালা লাগিয়ে দেন। এ সময় তাঁরা শিক্ষক-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি কেউ প্রতিষ্ঠানের কার্যক্রম চালালে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। বেদখল হয়ে যাওয়া ওই ভবনে ইনস্টিটিউটের প্রায় এক কোটি টাকার মালামাল রয়েছে। এরই মধ্যে দখলকারীরা ওই ইনস্টিটিউট ভবনে ‘ফিরোজা মহল ছাত্রাবাস’ লিখে দিয়েছে।অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, নার্সিং ইনস্টিটিউটের ওই জমির খতিয়ান নম্বর ৪০২, দাগ নম্বর ১৬৪১। এই সম্পত্তি নিজের দাবি করে জহুরুল ইসলামের মা ফিরোজা খাতুন ট্রাইব্যুনালে যে আবেদন করেছেন তাতে উল্লেখ করা হয়েছে, দীনবন্ধু ঘোষের ছেলে সুব্রত কুমার ঘোষের কাছ থেকে ফিরোজা ওই জমি কেনেন। তাঁদের মধ্যে বিক্রয় কবলা দলিল সম্পাদিত হয় ১৯৪৭ সালের ১৯ জুলাই। অথচ বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ফিরোজার জন্ম তারিখ ১৯৫৯ সালের ১৩ আগস্ট। আবার এসএ খতিয়ানে দেখা গেছে, ফিরোজা খাতুনের স্বামীর নাম মোজাফফর হোসেন। অথচ ফিরোজার স্বামীর নাম মোজাহার আলী বিশ্বাস। আবার যে পরচামূলে জমির মালিকানা দাবি করা হয়েছে, সেখানে দলিল নিবন্ধনের তারিখ হচ্ছে ১৯৫৪ সালের ৩ এপ্রিল। এ তারিখেও ফিরোজার জন্ম হয়নি।যোগাযোগ করা হলে জহুরুল ইসলাম দাবি করেন, তাঁর সম্পত্তির ওপরে অবৈধভাবে ডায়াবেটিক সমিতি ভবন তৈরি করেছে। নার্সিং ইনস্টিটিউট উদ্বোধনের দিনে তিনি মেয়রকে না আসার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বলেন, বর্তমান জেলা প্রশাসক আসার পর ওই সম্পত্তি ডায়াবেটিক সমিতিকে ইজারা দিয়েছেন। আইনগত সব কাগজপত্র থাকার পরও তিনি নিজের সম্পত্তির দখল পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে তিনি নিজের সম্পত্তি দখলে নিয়েছেন।নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম রেজাউল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা করা হবে। জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, ইনস্টিটিউট কর্তৃপক্ষকে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।