উদ্বোধনের ১৫ মাসেই ফাটল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে উদ্বোধনের ১৫ মাসের মধ্যেই ফায়ার সার্ভিস ভবনের ভিত্তিসহ (বেইজ) বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। ফলে অগ্নিনির্বাপণকর্মীরা আতঙ্কে রয়েছেন। নির্মাণকাজে ব্যাপক অনিয়মের কারণে ভবনে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের তত্ত্বাবধানে ৯৭ লাখ টাকায় দ্বিতল ভবন নির্মাণের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আতা কনস্ট্রাকশন। ২০০৮ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেশির ভাগ কাজ করার পর প্রতিষ্ঠানের লোকজন কাজ ফেলে রেখে চলে যান। পরে ৩২ লাখ টাকায় অবশিষ্ট কাজ পায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতেমা এন্টারপ্রাইজ। মোসাদ্দেক আহমেদ জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবদুস শহীদের ভাই। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ভবনের নির্মাণ কাজ শেষ হয়। ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর চিফ হুইপ আবদুস শহীদ ভবনের উদ্বোধন করেন। গত এক মাসে দ্বিতল ভবনের ভিত্তি ও পাশের দেয়ালে ছোটবড় অনেক ফাটল তৈরি হয়েছে। ভিত্তির ফাটল বড় হওয়ায় ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক প্রণয় বিশ্বাস বলেন, ভবনের ভিত্তিসহ একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। তাই অগ্নিনির্বাপণকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা এ স্টেশনে কাজ করতে চাচ্ছেন না। ভবনে ফাটল হওয়ার বিষয়টি তিনি লিখিতভাবে গণপূর্ত বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন।
গণপূর্ত অধিদপ্তর, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার ভবনে ফাটলের সত্যতা স্বীকার করে বলেন, খুব দ্রুত ফাটল মেরামতের উদ্যোগ নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত থেকে মেরামত কাজের অর্থ জোগান দেওয়া হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘নিম্নমানের কাজ হয়েছে বুঝতে পেরেছি। কিন্তু ঠিকাদার চিফ হুইপের ভাই হওয়ায় কিছু বলতে পারিনি।’
এর আগে ফাতেমা কনস্ট্রাকশনের বিরুদ্ধে কমলগঞ্জ থানার দ্বিতল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। উদ্বোধনের আগেই থানা ভবনের বহু স্থানে ফাটল দেখা দেয়। এ নিয়ে প্রথম আলোসহ একাধিক জাতীয় দৈনিকে গত নভেম্বর মাসে প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে ফাতেমা এন্টারপ্রাইজের মালিক মোসাদ্দেক আহমেদের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মূল কাজ ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠানটি করেছে। তাই এর দায় ওই প্রতিষ্ঠানের।’ এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও আতা কনস্ট্রাকশনের কাউকে পাওয়া যায়নি।