উদ্বোধনের ১৯ দিনেই থানা ভবনে ফাটল
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নতুন ভবন গত ২২ অক্টোবর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। উদ্বোধনের ১৯ দিনের মধ্যেই পানির পাইপলাইন ছিদ্র হয়ে ছাদ ও দেয়ালের ফাটল দিয়ে পানি থানা ভবনের ভেতরে পড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুই কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে কমলগঞ্জ থানা ভবন নির্মাণের কাজ পেয়েছিল ঢাকার আতা কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঠিকাদার মোসাদ্দেক আহমদের চাপের মুখে আতা কনস্ট্রাকশন এ ভবনটি নির্মাণ করতে পারেনি। সাত-আট মাস আগে সহযোগী ঠিকাদার হিসেবে স্থানীয় ফাতেমা কনস্ট্রাকশনের মালিক মোসাদ্দেক আহমদ এ ভবন নির্মাণ করেন। ভবনটি নির্মাণকালে কাজের কিছু ত্রুটি ধরা পড়ে। কমলগঞ্জ থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ত্রুটি নিয়ে কথা বলায় তাঁকে বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়। একপর্যায়ে তাঁকে বদলি করা হয়। ভবন নির্মাণে ত্রুটি সম্পর্কে ওসি আবুল কালাম তখন থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও মোসাদ্দেক আহমদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গতকাল সোমবার ওই ভবনে গিয়ে দেখা যায়, ফাটল দিয়ে পানি ভবনের ভেতরে পড়ছে। এ পানিতে ওসি ও পরিদর্শকের (তদন্ত) কক্ষসহ পুরো মেঝে নোংরা হয়ে গেছে। ওসি নীহার রঞ্জন নাথ জানান, গতকাল সকালে ভবনে প্রবেশ করে ময়লা পানির জন্য স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি। পরে দ্রুত পানির মিস্ত্রি এনে প্রথমে ছাদের ওপরের পানির ট্যাংকি সরিয়ে নেওয়া হয়।