উদ্বোধনের ২ বছর পরও চালু হয়নি নতুন ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যার একটি নতুন ভবন প্রায় দুই বছর আগে উদ্বোধন করা হয়েছে। কিন্তু প্রশাসনিক অনুমোদন ও লোকবল না থাকায় ওই ভবনে সেবা কার্যক্রম চালু হচ্ছে না।

হাসপাতালের পুরোনো ভবনটি ৩১ শয্যাবিশিষ্ট। অনেক সময় এখানে শয্যাসংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকেন। ফলে অনেক সময় মেঝেতে শয্যা পেতে চিকিৎসা দেওয়া হয়।

২০১৫ সালের সেপ্টেম্বরে হাসপাতালের ২০ শয্যার নতুন দ্বিতল ভবনটির উদ্বোধন করা হয়। গত শনিবার সরেজমিনে দেখা যায়, ওই ভবনের ফটক খোলা। ভেতরে গিয়ে দেখা যায়, কক্ষগুলো তালাবদ্ধ। সেখানে শয্যা বা অন্য কোনো আসবাব নেই। চিকিৎসাসহ কোনো কার্যক্রম সেখানে নেই।

হাসপাতাল সূত্রে জানা যায়, বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২৫০ জন রোগী আসেন। আর ভর্তি হয়ে চিকিৎসা নেন ২৫ থেকে ৪০ জন পর্যন্ত। পুরোনো ভবনে ৩১টি শয্যা রয়েছে। হাসপাতালে অনেক সময় ৪০ জন পর্যন্ত রোগী ভর্তি থাকেন। তখন পুরোনো ভবনের মেঝেতে শয্যা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। ২০ শয্যার জন্য চিকিৎসা কর্মকর্তা, নার্স, অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে।

কয়েক জন রোগী ও তাঁদের স্বজনেরা বলেন, অনেক সময় শয্যা না পেয়ে পুরোনো ভবনের মেঝেতে থাকতে হয়। এতে অনেক ভোগান্তি হয়। উদ্বোধনের পরও নতুন ভবনের বাড়তি ২০ শয্যা চালু না হওয়ায় অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান না। নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু হলে রোগীদের ভোগান্তি কমবে। তাঁরা আরও বলেন, হাসপাতালে একটিমাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু সেটি বেশির ভাগ সময় বিকল থাকে। জরুরি প্রয়োজনে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য কোনো হাসপাতালে নিতে হলে অতিরিক্ত টাকায় ভাড়া গাড়িতে নিতে হয়। হাসপাতালে প্রসূতিসেবা কার্যক্রম নেই। তাঁরা দ্রুত প্রসূতিসেবা কার্যক্রম চালুর দাবি জানান।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সিদ্দিকুর রহমান বলেন, নতুন ভবনটির জন্য প্রশাসনিক অনুমতি ও প্রয়োজনীয় লোকবল চেয়ে সর্বশেষ দেড় মাসে আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে। অনুমতি ও লোকবল মিললেই নতুন ভবনটির ২০ শয্যা চালু হবে। অ্যাম্বুলেন্সটি এখন সচল আছে। মাঝেমধ্যে এটি বিকল থাকে।

ময়মনসিংহের সিভিল সার্জন মো. খলিলুর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজ (রোববার) একটি চিঠি পেয়েছি, যাতে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা জানতে চাওয়া হয়েছে। আমরা দ্রুতই চিঠির উত্তর দেব।’