উদ্বোধনের ২০ দিনেও চালু হয়নি আইসিইউ ও বার্ন ইউনিট
উদ্বোধনের ২০ দিন পরও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও বার্ন ইউনিটে চিকিৎসাসেবা চালু হয়নি। চিকিৎসার যাবতীয় যন্ত্রপাতি স্থাপনের পরও ইউনিট দুটি চালু না হওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।হাসপাতাল সূত্র জানায়, এখানে ১০ শয্যার একটি আধুনিক আইসিইউ ও ১৬ শয্যার বার্ন ইউনিটে চিকিৎসা কার্যক্রম চালু করা যাচ্ছে না শুধু চিকিৎসকের অভাবে। বার্ন ইউনিটে একজনও চিকিৎসক নেই। তবে এ ইউনিটে চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। কবে নাগাদ চিকিৎসকের পদ পূরণ হবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কিছু বলতে পারেনি।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিইউতে চিকিৎসা দেওয়ার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১১ জন চিকিৎসক ইতোমধ্যে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট থেকে এক মাসের প্রশিক্ষণ নিয়েছেন। আরও ১৪ জনকে এক মাসের প্রশিক্ষণে পাঠানো হয়েছে। এই দলটির প্রশিক্ষণ শেষ হলে আগামী এক মাসের মধ্যে এই ইউনিটে চিকিৎসা কার্যক্রম শুরু করা যাবে।সচেতন নাগরিক কমিটি রংপুরের আহ্বায়ক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, চিকিৎসা সুবিধাদি যদি রোগীরা না-ই পায় তাহলে এত তড়িঘড়ি করে মন্ত্রী দিয়ে এর উদ্বোধন কেনই বা করা হলো। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা বলেন, বার্ন ইউনিটে চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। আর আইসিইউর জন্য এখানকার চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশা করা যায়, এক মাসের মধ্যে এ দুটি ইউনিটে চিকিৎসা চালু করা সম্ভব হবে।৪ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ এবং বার্ন ইউনিট উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।