উদ্ভট অভিযোগ, তবু মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ সিলেট সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিলেট l প্রথম আলো
সবুজ সিলেট সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিলেট l প্রথম আলো

তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাতের বেলা দলবল নিয়ে ধানখেত থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে গেছেন। ঘটনাটি ‘চুরি’ বলে দায়ের করা হয়েছে চুরির মামলা। আসামি সিলেটের দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানসহ অজ্ঞাত আরও সাত-আটজন।
গত বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় এ রকম অভিযোগের একটি মামলা রেকর্ড করেছে পুলিশ। মামলার বাদী শাহপরান থানা এলাকার বাসিন্দা শামসুদ্দিন আহমদ। মামলার বিষয়টি বৃহস্পতিবার রাতে জানাজানি হলে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও জেলা প্রেসক্লাব নেতারা তাৎক্ষণিক জরুরি সভা করে ঘটনার নিন্দা জানান। তাঁরা মনে করছেন, হয়রানির পাশাপাশি মানহানি করতেই পুলিশ এমন উদ্ভট ও হাস্যকর অভিযোগ পেয়ে কোনো প্রকার তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করেছে। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহার করে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান।
থানা সূত্র জানায়, গত বুধবার রাত প্রায় আটটার দিকে খাদিমপাড়ার কল্লগ্রামের ধানখেত থেকে ধান কাটা অবস্থায় একজন কৃষককে আটক করে পুলিশ। ওই কৃষকের সঙ্গে আরও কয়েকজন ছিলেন উল্লেখ করে পরদিন বৃহস্পতিবার দুপুরে শাহপরান থানায় মামলা নথিভুক্ত হয়।
মুজিবুর রহমান জানান, ওই এলাকায় তাঁর কেনা কিছু জমির দখল নিতে একটি চক্র সক্রিয় হওয়ায় গত ৩০ মার্চ তিনি শাহপরান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি সম্প্রতি মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের মৌখিকভাবেও জানিয়েছিলেন। মুজিবুর বলেন, ‘এখন মনে হচ্ছে সেই অভিযোগ সম্পর্কে পদস্থ কর্মকর্তাদের জানানোয় ওসি আমার ওপর ক্ষুব্ধ। মূলত মানহানি ঘটাতেই থানার ওসির যোগসাজশে হাস্যকর অভিযোগে এই মিথ্যা মামলা হয়েছে।’
যোগাযোগ করলে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন দাবি করেন, পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে এক ব্যক্তিকে আটকের পর প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
শামসুদ্দিন আহমদ নামের স্থানীয় এক ব্যক্তি মামলার বাদী বলে ওসি জানালেও তাঁর ঠিকানা কিংবা যোগাযোগের কোনো মাধ্যম সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।