
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সৃষ্ট ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পৃথিবীর সব দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। অথচ এখানে উদ্ভট কথা বলে অযথা কতজন মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সকালে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেন। এ সময় কারাগারে বিদ্যুতের ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ করতে গেলেই একশ্রেণির লোক পরিবেশ রক্ষায় তৎপর হন। তাঁরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে দেবেন না।’ তিনি বলেন, ‘প্রথমবার যখন আমি ’৯৬ সালে ক্ষমতায় ছিলাম, তখনই দিনাজপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। সেখানে দুটি বিদ্যুৎকেন্দ্র আছে, তৃতীয়টার কাজ চলছে। এলাকার কোনো ক্ষতি হয়নি বরং জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে। ধান-পান হচ্ছে; গাছপালা হচ্ছে; সব হচ্ছে। মানুষ বসবাস করছে।’
শেখ হাসিনা বলেন, ‘কয়লার একটা কার্গো ডুবে যাওয়ার পর অনেকে বলল যে পানি নাকি দূষিত হয়ে গেছে। ফিল্টারে পানি পরিশোধনে কয়লা ব্যবহার হয়। অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ছাই সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয়। সিমেন্ট কারখানাগুলো এই ছাই নিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে মানুষকে একটা স্বস্তি দিয়েছি। এখন সেই উৎপাদনে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। অথচ আমাদের উন্নয়নের জন্যই এটা দরকার।’
দেশের সর্ববৃহৎ, সবচেয়ে সুরক্ষিত ও সর্বাধুনিক সুযোগ-সুবিধার এ কারাগার উদ্বোধন করে তিনি বলেন, ‘আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখি। আমাদের লক্ষ্য এ কারাগার যেন একটি সংশোধনাগার হিসেবে বন্দীদের সেবা দিতে পারে। যারা জঘন্য অপরাধী তাদের কথা আমি বলব না; যাদের মানুষ হওয়ার সুযোগ রয়েছে, তাদের সংশোধনের সুযোগটা যেন করে দিতে পারি।’ অপরাধীদের অপরাধ করার মানসিকতা দূর করে কর্মমুখী জীবনের মূলস্রোতে তাদের ফিরিয়ে আনা সরকার ও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ছিঁচকে চুরির অপরাধে কেউ জেলখানায় আসার পর যাতে পাকা বড় চোর হওয়ার ট্রেনিং না পায়, সে লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে। আমরা তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করব।’
প্রধানমন্ত্রী বলেন, একজন অপরাধ করে, কিন্তু কষ্ট পায় তার গোটা পরিবার। মানুষের অধিকার আদায়ের সংগ্রামের কারণে বঙ্গবন্ধুর বারবার কারাগারে থাকার স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘কেউ কারাগারে থাকলে আসল ভুক্তভোগী হয় তার পরিবার। আমার মতো এই কষ্টটা হাড়ে হাড়ে আর কেউ বুঝবে না।’
প্রধানমন্ত্রী কারারক্ষী ও কয়েদিদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে রাজধানীর নাজিমউদ্দিন রোডের কারাগারের ফাঁকা স্থানের বদলে কেরানীগঞ্জে এ কারাগারের পাশে তাঁদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের ঘোষণা দেন তিনি। এ ছাড়া কারা হাসপাতালটি ১৬ শয্যা থেকে বাড়িয়ে কারাগার-সংশ্লিষ্ট ও জনগণের সুবিধার্থে ২০০ থেকে ২৫০ শয্যার করে নির্মাণের পাশাপাশি কারারক্ষীদের সন্তানদের লেখাপড়ার জন্য প্রয়োজনে নতুন বিদ্যালয় নির্মাণ ও যাতায়াতে বাস-সুবিধা দেওয়ার ঘোষণা দেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী কারাগার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
টোল দিলেন প্রধানমন্ত্রী: ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করতে যাওয়া-আসার সময় মেয়র হানিফ উড়ালসড়ক অতিক্রমকালে টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তাঁর গাড়িবহরের সব যানবাহনের জন্য টোল পরিশোধ করেন।