উদ্ভাবন করে চলেছেন মাহবুবের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোলার তৈরি জাহাজ রিমোট দিয়ে চালাচ্ছেন নিহত মাহবুবের বড় ছেলে আশিকুজ্জামান। ছবিটি এক মাস আগে তোলা ষ প্রথম আলো
শোলার তৈরি জাহাজ রিমোট দিয়ে চালাচ্ছেন নিহত মাহবুবের বড় ছেলে আশিকুজ্জামান। ছবিটি এক মাস আগে তোলা ষ প্রথম আলো

কুষ্টিয়ার মাহবুবুর রশীদ ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সময় তিনিও নিহত হন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাহবুবকে হারিয়ে দিশেহারা স্ত্রী শামীমা আক্তার। কিন্তু দুই সন্তান আশিকুজ্জামান (২০) ও আশরাফুজ্জামানকে (১৬) নিয়ে গর্বিত তিনি। বড় ছেলে আশিক শোলা দিয়ে নানা জিনিস উদ্ভাবন করে চলেছেন। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। আর ছোট ছেলে আশরাফ এবার কুষ্টিয়া জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এবার তাকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তি করা হয়েছে। ছেলেদের পড়াশোনার জন্য কিছুদিন আগে কলেজের পাশে মোহামঞ্চদপুরের হুমায়ুন রোডে একটি বাসা ভাড়া নিয়েছেন শামীমা।
ওই বাসায় যাওয়ার আগে শামীমা দুই ছেলেকে নিয়ে কুষ্টিয়া শহরের গোসালা সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। কিছুদিন আগে কুষ্টিয়ার ওই বাসায় গিয়ে কথা হয় পরিবারটির সঙ্গে।
আশিকের শোবার ঘরে ঢুকতেই চোখে পড়ে বিছানা, পড়ার টেবিলসহ চারপাশে কাগজ, শোলা, প্লাস্টিক, আঠা, সার্কিট, তার, বাল্ব ও ছড়ানো-ছিটানো ছোট ছোট যন্ত্রাংশ। একপাশে টেবিলের ওপর শোলার তৈরি চার ফুট লম্বা ও দেড় ফুট উচ্চতার একটি জাহাজ। এ ছাড়া হেলিকপ্টার, টেবিলবাতি, ঝাড়বাতি, ছোট ছোট ফুলদানি, শীতের সময় ঘর গরম রাখার ইয়ারকুলার। সবগুলোই শোলার তৈরি। এসব জিনিসের ভেতরে যন্ত্রাংশ যুক্ত করে সচল করেছেন আশিক। পানিতে চলা জাহাজের নাম দিয়েছেন ‘কুইন অব হেভেন’।
আশিক জানান, জাহাজটি তৈরি করতে প্রায় এক মাস সময় লেগেছে। খরচ পড়েছে প্রায় দুই হাজার টাকা। এটি দূরনিয়ন্ত্রণ (রিমোট) যন্ত্র দিয়ে চালানো যায়। বাসার পাশের পুকুরে ওই যন্ত্র দিয়ে কুইন অব হেভেন চালিয়েও দেখালেন। শোলার তৈরি টেবিলবাতি তৈরি করে বন্ধুদেরও দিয়েছেন তিনি। ভবিষ্যতে রোবট বানানোর ইচ্ছার কথা জানান আশিক।
‘বিকেলে সবাই বাইরে যেতে চাইলেও আশিক ঘরে বসে এসব তৈরি করেন। পাগলামি মনে হলেও পরে ভালোই লাগে।’ বলছিলেন আশিকের মা শামীমা আক্তার। তিনি বলেন, ‘দুই ছেলেকে নিয়ে সংসার চালানো দুরূহ হয়ে পড়েছে। ওর বাবা বেঁচে থাকলে হয়তো ওর (আশিক) জন্য কিছু করতে পারতেন। আশিকের প্রতিভা কাজে লাগাতে পারতেন।’
দুই ছেলেকে নিয়ে আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যাবেন শামীমা। স্বামীর নিথর দেহ যেখানে পড়ে ছিল, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সন্তানদের মানুষ করে দেশের কল্যাণে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। ‘সে জন্য প্রয়োজন একটু সহযোগিতা।’ গলা ভারী হয়ে থেমে যাওয়ার পর এমনটিই অনুরোধ করলেন শামীমা।