উদ্ভাবনশীলতা সূচকে ১৮ ধাপ নেমেছে বাংলাদেশ

বাংলাদেশের উদ্ভাবনশীলতা আরও কমেছে। মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ ১৮ ধাপ নেমে গেছে। ২০১৩ সালের বিশ্ব উদ্ভাবনশীলতা সূচকে বাংলাদেশ এখন ১৪২টি দেশের মধ্যে ১৩০তম। এই সূচকে ভারত তো বটেই, দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও নেপালের অবস্থান বাংলাদেশের ওপরে।
কোন দেশ কতটা উদ্ভাবনশীল, তার ওপর করা এই প্রতিবেদনের নাম গ্লোবাল ইনভেশন ইনডেক্স (জিআইআই) বা বৈশ্বিক উদ্ভাবনশীলতার সূচক। প্রতিবেদনটি প্রকাশ করেছে যৌথভাবে যুক্তরাষ্ট্রের জনসন কর্নেল বিশ্ববিদ্যালয়, দ্য বিজনেস স্কুল ফর দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ও ব্যবসায়িক পরিবেশের অবনতি ঘটেছে, মেধাবীদের দেশে ধরে রাখতে পারছে না এবং শিক্ষা ও জ্ঞাননির্ভর কর্মকাণ্ডেও ঘাটতি রয়েছে।
সূচকটি তৈরি করার ক্ষেত্রে দেশগুলোর উদ্ভাবনশীলতার পেছনে বিনিয়োগ ও অর্জনকে বিবেচনায় নেওয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের উদ্ভাবনশীলতার পেছনে যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, তার চেয়ে অর্জন বেশি। ইতিবাচক অর্জনগুলোর মধ্যে রয়েছে বেসরকারি খাতে ঋণ, ক্ষুদ্র ঋণ, জ্ঞানের বিস্তারে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি ইত্যাদি।
প্রতিবেদনে বলা হয়েছে, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, প্রতিষ্ঠান, অনুকূল বাজার ও ব্যবসায়িক পরিবেশে উদ্ভাবনশীলতার প্রকৃত ফলাফল অর্জিত হয়। কোন দেশ জ্ঞান ও প্রযুক্তিকে কতটা সৃজনশীল কাজে ব্যবহার করতে পারে তা নির্ভর করে এই উদ্ভাবনশীলতার ওপর।
এ বছর ৮৪টি নির্দেশকের সাহায্যে ১৪২টি দেশের অবস্থান, কর্মক্ষমতা ও দুর্বলতার দিক চিহ্নিত করা হয়েছে। ২০০৭ সাল থেকে প্রতিবছর জিআইআই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিশ্বজুড়ে উদ্ভাবনশীলতার প্রকৃতি জানার জন্য ব্যবসায়িক নির্বাহী, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে থাকেন। সূচকে শীর্ষ পাঁচটি দেশ যথাক্রমে সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
জিআইআই সূচকে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অষ্টম। এ অঞ্চলে শীর্ষস্থানীয় তিনটি দেশ হলো যথাক্রমে ভারত, কাজাখস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তানের অবস্থান দশম। আর প্রতিবেদনে অন্তর্ভুক্ত ২১টি নিম্ন আয়ের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। তবে আফ্রিকার অনেক দেশের মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় কম হলেও সূচকে ভালো অবস্থানে রয়েছে।
দুটি উপসূচকের গড়ের মাধ্যমে জিআইআই নির্ধারণ করা হয়। এর মধ্যে একটিকে উদ্ভাবনশীলতার জন্য জোগান হিসেবে ধরা হয়। এতে দেখা গেছে, উদ্ভাবনশীলতার জন্য যেসব প্রাতিষ্ঠানিক আয়োজন প্রয়োজন তা বেশ দুর্বল অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২৭তম। গত বছর তা ছিল ১১৫তম।
এ বছর রাজনৈতিক পরিবেশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দুর্বল হিসেবে দেখা গেছে। ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ১৩৬ ও ১৩৪। তবে কর পরিশোধপ্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে ৫৬তম অবস্থানে রয়েছে, যা প্রতিবেদনে সবল দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া সরকারের কার্যক্ষমতায় ১২৭, সংবাদপত্রের স্বাধীনতায় ১১৬, পরিবেশ রক্ষায় ১৩০, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মানে ১২৭, আইনের শাসনে ১০৯, শ্রমিক বেতনে ১২৯, ব্যবসায়িক পরিবেশে ৮১, ব্যবসায়িক উদ্যোগের সহজসাধ্যতায় ৭৩তম অবস্থানে রয়েছে।
মানবসম্পদের সূচকে বাংলাদেশের অবস্থানও দুর্বল। গত বছরের তুলনায় তা ১১ ধাপ কমে হয়েছে ১৩৮। এখানে অর্থনৈতিক মূল্য নির্ধারণে প্রয়োজনীয় সৃজনশীলতা, সামর্থ্য, জ্ঞান, সামাজিক ও ব্যক্তিগত গুণাবলির সমন্বয়কে মানবসম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে বিশেষ দুর্বলতার দিক হলো শিক্ষায় ১৩৭তম, বর্তমানে জাতীয় আয়ের বিবেচনায় শিক্ষা ব্যয়ে ১০৮তম অবস্থান। অন্য দেশ থেকে এ দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে আসা শিক্ষার্থী এবং বিদেশগামী শিক্ষার্থীর চিত্রটি দুর্বল বলে সূচকে উঠে এসেছে। এই দুই সূচকে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ১০৫ ও ১৩২। তবে শিক্ষাবিষয়ক ব্রিটিশ কোম্পানি কুয়াকিউরেলি সাইমন্ডস (কিউএস) বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৬৫তম অবস্থানকে সবল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী-শিক্ষক অনুপাতে ১১৪, গবেষণা ও উন্নয়নে বাংলাদেশের অবস্থান ৮১তম।