উদ্ভাবনী জ্ঞান বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা টাউন হল মিলনায়তনে গতকাল বিজ্ঞান জয়োৎ​সবে প্রকল্প উপস্থাপন করছে একদল শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
কুমিল্লা টাউন হল মিলনায়তনে গতকাল বিজ্ঞান জয়োৎ​সবে প্রকল্প উপস্থাপন করছে একদল শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

বিজ্ঞানকে আরও জনপ্রিয় করতে হলে খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান বাড়াতে হবে। শহর ও গ্রামে বিজ্ঞানশিক্ষার বৈষম্য কমিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ বিজ্ঞানের শিক্ষক থাকতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ নিয়ে বিজ্ঞানচর্চা করতে হবে। ভয়কে জয় করে বিজ্ঞানশিক্ষাকে আয়ত্ত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান জয়োৎসবে এমন তাগিদ দিয়েছেন বিজ্ঞানী, লেখক ও শিক্ষকেরা। সিটি ব্যাংক-প্রথম আলোর উদ্যোগে আয়োজিত জমজমাট ওই উৎসবে বিভিন্ন বিভাগে ৪৪০ জন প্রতিযোগী বিজ্ঞান কুইজে এবং ৭১টি বিজ্ঞান প্রকল্পে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান কুইজে ২৬ জন ও বিজ্ঞান প্রকল্পে ৪৩ জন বিজয়ী হন।
কুমিল্লা অঞ্চলের এ উৎসবে নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। পুরো উৎসবে সহযোগিতা করেন কুমিল্লা বন্ধুসভা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।
সকাল সাড়ে আটটায় কুমিল্লা টাউন হল মিলনায়তনের সামনে বেলুন ওড়ানো হয়। এরপর মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘যে জাতি বিজ্ঞানচর্চায় বেশি অগ্রগামী, তারাই এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে দিন দিন বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে। প্রথম আলো এ ক্ষেত্রে উদ্যোগ নিয়ে বিজ্ঞানশিক্ষাকে প্রসারিত করতে পারে।’
উদ্বোধনী পর্বের পর তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক—এ তিনটি বিভাগে ৪৪০ জন শিক্ষার্থী ৩০ মিনিটের কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর খুদে শিক্ষার্থীরা বিজ্ঞানের ‘আনন্দ’ পর্বে অংশ নেয়। এতে কৌশলী ও মজার প্রশ্ন করে মাতিয়ে রাখে শিক্ষার্থীরা।
একই সঙ্গে মিলনায়তনের মুক্তিযুদ্ধ কর্নার, সম্মেলনকক্ষ ও পাঠাগারকক্ষে প্রদর্শন করা হয় ৭১টি বিজ্ঞান প্রকল্প। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা সরকারি কলেজের চারজন বিজ্ঞানের শিক্ষক প্রকল্পগুলো মূল্যায়ন করেন।
বেলা দেড়টায় মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ পর্বে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ, বিজ্ঞানী রেজাউর রহমান, কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি পদার্থবিদ কুন্ডু গোপীদাস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক তানিয়া ওহাব, সিটি ব্যাংকের কুমিল্লা শাখার গ্র্যান্ড অপারেশন ম্যানেজার নূর ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক, একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রভাষক হাসান হাফিজুর রহমান, কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোকসানা পারভীন ও জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়কারী ও বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান।
প্রতিযোগিতায় প্রাথমিকে সাতজন, নিম্নমাধ্যমিকে সাতজন ও মাধ্যমিকে ১২ জনসহ মোট ২৬ জন কুইজ বিজয়ীকে পদক ও সনদ দেওয়া হয়। এ ছাড়া বিজ্ঞান প্রকল্পে নিম্নমাধ্যমিক বিভাগে ১০টি প্রকল্পে একক ও দলীয়ভাবে ২৪ জন, মাধ্যমিক বিভাগে ১০ প্রকল্পে একক ও দলীয়ভাবে ১৯ জনসহ ৪৩ জন পদক ও সনদ পায়।
এর আগে গত ১৯ মে রংপুর অঞ্চল থেকে এ উৎসব শুরু হয়েছিল। দেশের আরও ১২টি অঞ্চলে এ উৎসব হবে। বিজয়ীরা আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় উৎসবে যোগদান করবে।