উদ্ভাবনী নেতৃত্বের বিকল্প নেই

আগের দিন (শুক্রবার) পাঁচ শতাধিক তরুণ শিক্ষার্থীর মধ্যে ছড়িয়েছিলেন স্বপ্নের বীজ। নিজের স্বপ্নের শান্তির পৃথিবীর কথাই শুনিয়েছেন ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’-খ্যাত ভারতের ১১তম সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুলআবেদিন আবদুল কালাম। সংক্ষেপে যিনি এ পি জে আবদুল কালাম নামেই পরিচিত।
মেট্রোপলিটন শিল্প ও বণিক সমিতি বা এমসিসিআইয়ের আমন্ত্রণে দুই দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন তিনি। গতকাল শনিবার সকালে সংস্থাটির ১১০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও স্বপ্নের কথা শোনালেন। সন্ত্রাসবাদ থেকে শুরু করে উন্নয়নসহ নানা সমস্যার সমাধানের কথা বললেন। সেই সঙ্গে নেতৃত্বের গুণাবলি, সততা, ব্যবসায় নৈতিকতা, সম্পদের ব্যবহার, টেকসই উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শও দিলেন।
শ্রোতার চেয়ারে বসে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ পি জে আবদুল কালামের বক্তব্য শুনলেন দেশ পরিচালনার সঙ্গে নানাভাবে যুক্ত ব্যক্তি, সফল ব্যবসায়ী ও শিল্পপতি, গবেষক, শিক্ষক, করপোরেট ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিসহ আরও অনেকে।
দুই ধাপে দেওয়া বক্তব্যে আবদুল কালাম একাধিকবার বলেছেন, ব্যবসায়িক, রাষ্ট্রীয় কিংবা পৃথিবীর সমস্যা সমাধানে উদ্ভাবনী গুণাবলিসমৃদ্ধ নেতৃত্বের প্রয়োজনীতার কথা। তিনি বলেছেন, ভারত, বাংলাদেশ, কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যেটাই হোক না কেন, সব দেশের টেকসই উন্নয়নের জন্য দরকার টেকসই জাতি। তাই টেকসই উন্নয়নই নিশ্চিত করতে পারে একটি শান্তিময় ও সফল বিশ্বসমাজ। কাঙ্ক্ষিত এ উন্নয়ন ঘটাতে হলে বাড়াতে হবে প্রতিযোগিতা সক্ষমতা। আর সেই সক্ষমতা অর্জন করতে হলে উদ্ভাবনী গুণাবলির যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।
কেমন হতে হবে সেই নেতৃত্ব বা নেতা? তারও একটি রূপরেখা বা নেতার গুণাবলির একটি চিত্র তুলে ধরেন তিনি। এ ছাড়া তাঁর বক্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্ক, সার্ক প্রসঙ্গসহ নানা বিষয় উঠে এসেছে প্রাসঙ্গিকতার প্রয়োজনে। গ্রাম থেকে মানুষের শহরে ছুটে আসার প্রবণতা রোধে গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের খুলনা অঞ্চলে পুরা (প্রোভাইডিং আরবান এমেনিটিজ ইন রুরাল এরিয়া বা পিইউআরএ বা পুরা) নামের একটি প্রকল্প বা উদ্যোগ বাস্তবায়নের পরামর্শ দেন। এ ধরনের উদ্যোগ ভারতে সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলেও তিনি জানান।
১১০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের নতুন লোগো উন্মোচন করেছে এমসিসিআই। আলোচনা পর্ব দিয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় দিনভর নানা আয়োজনের শুরু হয়। এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। দ্বিতীয় পর্বের মধ্যমণি ছিলেন এ পি জে আবদুল কালাম। ওই পর্বে তিনি তাঁর মূল বক্তব্য উপস্থাপন করেন। উদ্বোধনী আলোচনাপর্বেও সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এমসিসিআইয়ের এ আয়োজনের শেষ পর্বটি অনুষ্ঠিত হয় গত রাতে।
নির্ধারিত বক্তব্য শেষে উপস্থিত শ্রোতাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন আবদুল কালাম নিজেই। এ সময় প্রশ্নকর্তারা তাঁকে স্যার সম্বোধন করলে তিনিও প্রশ্নোত্তরকালে পাল্টা স্যার সম্বোধন করেন প্রশ্নকর্তাকে। কথার পিঠে কথা চালাচালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পর্বটি। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার আগে এমসিসিআইয়ের পাঠাগারের জন্য উপহার দিলেন বেশ কয়েকটি বই। তাঁর আগে এমসিসিআই তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন জানতে চান ঢাকায় মানুষের চাপ কমানোর মতো জাদুকরি কোনো সমাধান আছে কি না? জবাবে ভারতের সাবেক রাষ্ট্রপতি বললেন, শহরকে চাপমুক্ত করতে হলে গ্রামের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। গ্রাম ও শহরের মধ্যে প্রত্যক্ষ, প্রযুক্তিগত ও জ্ঞানভিত্তিক যোগাযোগ বাড়াতে হবে।
ব্যবসায়ী নেতা হাবিবুল্লাহ এন করিম জানতে চেয়েছিলেন প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থায় ব্যবসার নৈতিকতা যখন হারাতে বসেছে তখন কীভাবে ব্যবসার নৈতিকতা বজায় রাখা সম্ভব? জবাবে হাবিবুল্লাহ করিমকে নৈতিকতার শপথই পাঠ করালেন এ পি জে আবদুল কালাম, পরামর্শ দিলেন তা মেনে চলার। ইংরেজিতে পাঠ করানো ওই শপথবাক্য বাংলা করলে দাঁড়ায়, ‘সততার সঙ্গে কাজ করব, সাফল্যও অর্জন করব সততা দিয়ে।’
সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানতে চাইলেন, বিশ্বজুড়ে বেড়ে চলা সন্ত্রাসবাদ থেকে মুক্তির উপায় কী? এ পি জে আবদুল কালাম বললেন, সন্ত্রাসবাদ নির্মুল করতে হলে সবার আগে খুঁজে দেখতে হবে সমাজের সমস্যা, যা মানুষকে সন্ত্রাসবাদের পথে নিয়ে যাচ্ছে। সে সমস্যা চিহ্নিত করে তা নির্মূলে পদক্ষেপও নিতে হবে। এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অগ্রগতি যত বেশি হবে সন্ত্রাসবাদ নির্মূলে তা তত বেশি কার্যকর ভূমিকা রাখবে।
প্রশ্নোত্তর পর্বের আগে প্রায় ৪৫ মিনিটের বক্তব্য দেন এ পি জে আবদুল কালাম। যাঁর শিরোনাম ছিল ‘শান্তিময় ও সফল বিশ্বসমাজের জন্য টেকসই উন্নয়ন পন্থা’। তাতে তিনি ২০৩০ সালের তাঁর কল্পনার ও স্বপ্নের এক পৃথিবীর বর্ণনা দেন। যে পৃথিবীতে শহর-গ্রাম, ধনী-গরিব, উন্নত ও উন্নয়নশীলের মধ্যকার ব্যবধান হবে অতি ক্ষুদ্র, সব শিক্ষার্থী মানসম্মত শিক্ষা পাবে, শাসনব্যবস্থা হবে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। সেই পৃথিবীতে থাকবে পরিচ্ছন্ন সবুজ পরিবেশ। একই সঙ্গে পৃথিবীকে প্লাস্টিক পণ্যমুক্ত করার পরামর্শ দেন তিনি।
নেতৃত্বের যোগ্যতা: নিজের কাজের অভিজ্ঞতা থেকে জাতিগত বা রাষ্ট্র হিসেবে সফলতা অর্জনের পেছনে নেতৃত্বের প্রয়োজনীয়তা ও যোগ্যতার কথা তুলে ধরেন ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া এ পদার্থবিজ্ঞানী। তিনি বলেন, নেতৃত্ব দিতে হলে একজন নেতাকে দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে। নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য নেতার মধ্যে যথেষ্ট আবেগ, অনাবিষ্কৃত পথ ভ্রমণের যোগ্যতা, সফলতা ও ব্যর্থতা মোকাবিলার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের সাহস, প্রত্যেক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও সততা থাকতে হবে। নেতৃত্বের এসব গুণাবলি দিয়ে পল্লি উন্নয়নের পাশাপাশি মানুষের ক্ষমতায়ন সম্ভব বলে মত দেন আবদুল কালাম।
বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ: দারিদ্র্য, অশিক্ষা, সুপেয় পানির অভাব, পরিচ্ছন্ন সবুজ জ্বালানি, সম্পদ ব্যবহারে অসমতা, মানসম্মত শিক্ষার অভাব, সামাজিক ভারসাম্যহীনতা, মানসম্মত স্বাস্থ্যসেবার অভাব ও বসবাসের অনুপযুক্ত পরিবেশকে বর্তমান পৃথিবীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে জানান ভারতের সাবেক রাষ্ট্রপতি। তিনি বলেন, সবার সম্মিলিত দায়বদ্ধতার মাধ্যমে পৃথিবীর এসব সমস্যার সমাধান করতে হবে।
খুলনা ও পুরা: পুরা মডেল বাস্তবায়নের জন্য খুলনাকে একটি আদর্শ স্থান হিসেবে উল্লেখ করেন আবদুল কালাম। তিনি বলেন, এ মডেলটি বাস্তবায়নে চার পর্যায়ের সংযোগ নিশ্চিত করতে হবে। সেগুলো হলো: প্রত্যক্ষ, প্রযুক্তিগত, জ্ঞান ও অর্থনৈতিক সংযোগ। এসব সংযোগের মাধ্যমে গ্রামাঞ্চলেও শহুরে সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব। ভারতের সাবেক রাষ্ট্রপতি বলেন, খুলনা অঞ্চলে দেড় কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষই গ্রামাঞ্চলে বসবাস করে। এটি একটি বদ্বীপ অঞ্চল। সেখানে বনভূমির পাশাপাশি সমুদ্র সংযোগ রয়েছে।
এ পি জে আবদুল কালাম বলেন, পাট ও পাটজাত পণ্য এ অঞ্চলের প্রধান কৃষিপণ্য। উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটজাত শিল্প উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। সেই সঙ্গে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ও পণ্য বাজারজাতের ক্ষেত্রে কৃষকদের সম্পৃক্ত করে একটি সমন্বিত কাঠামো তৈরি করতে হবে। এটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে তাতে কৃষকদের অনেকেই উদ্যোক্তা হয়ে উঠবেন। পাশাপাশি পাট পণ্যের বহুমুখীকরণের বিষয়ে ভারত-বাংলাদেশের যৌথভাবে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। এতে উভয় দেশই লাভবান হবে বলে মনে করেন তিনি। এ জন্য মেট্রোপলিটন চেম্বারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাটশিল্পের পাশাপাশি খুলনা অঞ্চলের বাঁশশিল্প ও সুন্দরবনকে ঘিরে একাধিক পুরা মডেল বাস্তবায়নের সম্ভাবনার কথা তুলে ধরা হয় তাঁর প্রস্তাবনায়।
ভারত-বাংলাদেশ সম্পর্ক: দুই দেশের ঐতিহাসিক যোগসূত্র ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে ভারতের সাবেক রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিকভাবে এ দুই দেশ বন্ধু। দুই দেশের মধ্যে ৫৪টি নদীর সংযোগ রয়েছে। বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনও দুই দেশের মধ্যে বিভাজিত।
বাংলাদেশকে বিশ্বের বিখ্যাত কিছু সাহিত্যিকের দেশ হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই দুই দেশে সমান জনপ্রিয়। দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতাও একজন। এ রকম অনেক যোগসূত্র রয়েছে দুই দেশের। দুই দেশের বাণিজ্যের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে দুই দেশের মধ্যকার বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
বক্তব্য শেষে এ পি জে আবদুল কালামের জীবনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন গওহর রিজভী।