প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭। নগরের রাজশাহী কলেজ মাঠে তিন দিনব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি মিলে ৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। গতকাল বেলা ১১টায় রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, মেলার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। মেলায় চারটি প্যাভিলিয়ন থাকবে, যেখানে ই-সেবা, জনগণের দোরগোড়ায় সেবা, শিক্ষা ও কর্মসংস্থান এবং তরুণ উদ্ভাবকসহ বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হবে। এ ছাড়া কাল শুক্রবার বেলা দুইটায় তথ্যপ্রযুক্তিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরদিন দুপুর ১২টায় মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে কনটেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।