উদ্ভাবনী মেলায় ৪৩ প্রকল্প উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন জেলার উদ্ভাবকদের প্রকল্প নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখছে শিক্ষার্থীরা l প্রথম আলো
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন জেলার উদ্ভাবকদের প্রকল্প নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখছে শিক্ষার্থীরা l প্রথম আলো

আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫০ বছর পূর্ণ হবে ২৬ এপ্রিল। সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ। গতকাল শনিবার উদ্বোধনী দিনে ছিল উদ্ভাবনী প্রদর্শনী ও বিজ্ঞানবিষয়ক বক্তৃতা।
বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে ১৯৬৫ সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আত্মপ্রকাশ করে। তবে ১৯৬৭ সালের ২৬ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের। সে অনুযায়ী জাদুঘর কর্তৃপক্ষ এ বছর সুবর্ণজয়ন্তীর আয়োজন করেছে।
দেশের বিভিন্ন জেলার উদ্ভাবকদের প্রকল্প নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় গতকাল। জাদুঘরের প্রদর্শনীকক্ষে আয়োজিত প্রদর্শনীতে মোট ৪৩টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে।
গতকাল প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল বজলুল করিমের উদ্ভাবিত ন্যানো সাইকেল। আড়াই ফুট লম্বা ব্যাটারিচালিত এই সাইকেলে ছোট আকারের চাকা ব্যবহার করা হয়েছে। সাইকেলটি ভাঁজ করে ছোট করে সহজে বহন করা যায়।
সাইকেলটির উদ্ভাবক বজলুল করিম বলেন, সাইকেলে ছোট আকৃতির দুটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই সাইকেল একবার চার্জ করলে ৯৫ কিলোমিটার পর্যন্ত চলে বলে উদ্ভাবক জানান।
প্রদর্শনীতে বিদ্যুৎ ছাড়াই ব্যবহারযোগ্য সাউন্ড সিস্টেম নিয়ে এসেছেন চট্টগ্রামের সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার। আর নির্বাচনে জাল ভোট রোধ করতে ‘বায়োমেট্রিক অথেনটিকেশন ভোট কাস্টিং অ্যান্ড কাউন্টিং’ প্রকল্প নিয়ে এসেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থী।
সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রদর্শনী ঘুরে দেখে। শেরেবাংলা নগর বালক বিদ্যালয় থেকে আসা আবু হোসেন বলল, ‘স্কুলের বিজ্ঞান মেলায় যেসব প্রকল্প থাকে, এগুলো তার থেকে একটু আলাদা। বড়রা তাদের মতো করে বানিয়েছে। দেখে ভালো লেগেছে।’
বিকেলে মিলনায়তনে আয়োজন করা হয় জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক বক্তৃতার। তাতে শিশুস্বাস্থ্য বিষয়ে বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শহীদুল্লাহ। জিনতত্ত্ব বিষয়ে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মো. মোস্তফা কামাল পাশা।
আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিজ্ঞানের ইতিহাস বিষয়ে বক্তৃতা করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল এবং মেধা বিকাশে গণিত শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে বক্তৃতা করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ।
এ ছাড়া বাকি দিনগুলোতে থাকছে কুইজ প্রতিযোগিতা, স্মৃতিচারণ অনুষ্ঠান, বিজ্ঞান নাটিকা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাদুঘরের মিলনায়তনে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।