নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে পারলে সাফল্য নিশ্চিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল প্রথম আলো। সাবিরুল তাঁর প্রবর্তিত বৈশ্বিক ক্যাম্পেইন ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালাচ্ছেন। তাঁর এই কার্যক্রমের লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা। ইতিমধ্যে ২৫টি দেশের আট লাখের বেশি তরুণের সামনে তিনি হাজির হয়েছেন। এর অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছেন। থাকবেন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
শিক্ষার্থীদের উদ্দেশে ঘণ্টাব্যাপী বক্তৃতায় সাবিরুল বলেন, নিজেকেই নিজের সাহায্যকারী হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে নিজের ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের একমাত্র লক্ষ্য পড়ালেখা শেষে একটি চাকরি পাওয়া। পাসের বাড়ির ছেলেটি চিকিৎসক। তাই বাবা-মা সন্তানকে ওই ছেলেটিকে দেখিয়ে বলেন, তোমাকেও চিকিৎসক হতে হবে। বাবা-মা এমনটি বললেও তরুণেরা তাদের নিজেদের ভেতর নিজস্ব স্বকীয়তাকে রেখে দেয়। এভাবেই বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা পর্দার আড়ালে থেকে যায়।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটনের প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ, সাধারণ সম্পাদক জসিম আহমেদ, আবদুর রহমান প্রমুখ। সাবিরুল মাত্র ১৪ বছর বয়সে ওয়েবসাইট ডিজাইন ব্যবসা শুরু করেন। ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান। ১৭ বছর বয়সে তিনি লিখেন দ্য ওয়ার্ল্ড অ্যাট ইয়োর ফিট । এরপর বদলে যাওয়ার গল্প। তিনি কেবল লেখক বা বক্তা নন। শিক্ষার্থীদের জন্য ‘ট্রিন-ট্রাপেনার’ গেমটি উদ্ভাবন করে তিনি খ্যাতি অর্জন করেন। একসঙ্গে বিশ্বের ১৪টি দেশে ১৩টি ভাষায় বের হয়েছে এই গেম।