উদ্ভাবনী শক্তি কাজে লাগান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিজীবীদের শুধু রুটিনওয়ার্ক হিসেবে দায়িত্ব পালন না করে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জনকল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু রুটিন দায়িত্ব পালনে সীমাবদ্ধ থাকলে চলবে না। উদ্ভাবনী শক্তি দিয়ে আরও কী করলে মানুষের কল্যাণ হয়, সেটা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে।
প্রধানমন্ত্রী গতকাল রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্যাপন ও জনপ্রশাসন পদক-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরি একটা রুটিন চাকরি, আসলাম, বেতন নিলাম, চলে গেলাম, সেটা নয়; নিজের ভেতরে উদ্ভাবনী শক্তি কী আছে, সেটাও কাজে লাগাতে হবে। নিজেই নিজেকে আবিষ্কার করতে হবে।’ তিনি বলেন, ‘যেখানে যে দায়িত্বপ্রাপ্ত তাঁকে সেখানে ভাবতে হবে এটা আমার নিজের দায়িত্ব; কারণ এই দেশটা আমার। দেশের মানুষগুলো আমার। কাজেই দেশের মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খুলনার জেলা প্রশাসক একটা উদ্যোগ নিয়েছিলেন। সেখানে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসন এক দিনের বেতন দিয়ে একটি ফান্ড তৈরি করেছেন ভিক্ষুকমুক্ত করার জন্য। তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এ বিষয়টি আমার খুবই ভালো লেগেছে।’
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে ১৪ জনকে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
শিক্ষার মান বাড়ানোয় নজর দিন
পরীক্ষায় পাস-ফেল নিয়ে না ভেবে শিক্ষার মান বাড়ানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং এই বয়সে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক গাইডলাইন দেওয়া।
প্রধানমন্ত্রী গতকাল সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণকালে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এ সময় বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তোলার সুযোগ পায়, সে জন্য সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
ফলাফল নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে পাসের হার কী ছিল, আর এখন কী? আমরা পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের বিষয় একটা নিয়মশৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি। ফল পাওয়া নিয়ে এখন আর আগের মতো ঝামেলা পোহাতে হয় না। ঘরে বসেই এখন সবাই ফলাফল পেতে পারে।’