উদ্ভাবনীমূলক জনপ্রশাসনই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে গতকাল ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিন l ছবি: বাসস
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে গতকাল ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিন l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির প্রশংসা করে বলেছেন, আধুনিক, গতিশীল ও উদ্ভাবনীমূলক জনপ্রশাসনই দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে।
‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
সরকারের ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের বিভিন্ন উদ্ভাবন দেশীয় ও আন্তর্জাতিক মহলে তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এক্সেস টু ইনফরমেশন’ (এটুআই) প্রকল্পের উদ্যোগে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘উদ্ভাবনকে পৃষ্ঠপোষকতা করতে আমরা ‘‘ইনোভেশন ফান্ড’’ তৈরি করেছি। এ পর্যন্ত সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় ১০৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ১৯ কোটি ৮৯ লাখ টাকারও বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্ভাবনী সংস্কৃতিকে বেগবান করতে ‘‘আইডিয়া ব্যাংক’’ নামে একটি উদ্ভাবনী প্ল্যাটফর্মও চালু করা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টেনাসিস।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে জাপানি একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় ও লেখক সৈয়দ শামসুল হকের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ওপর নির্মিত ৩০ মিনিটের একটি থ্রিডি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের উদ্যোগের ওপর ‘রূপান্তরের গল্প’ (টেল অব ট্রান্সফরমেশন) শীর্ষক একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ৬৪টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া, যশোর ও চট্টগ্রামকে এবং শ্রেষ্ঠ বিভাগ হিসেবে ঢাকাকে সম্মাননা প্রদান করেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে: স্থানীয় জনগণকে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তাদের বোঝাতে হবে যে সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ তাদের জন্য নয়।

গতকাল রাতে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রশাসনিক সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনা উল্লেখ করে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে এসব ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্বরিত পদ‌ক্ষেপের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।