উদ্ভাবনের নানা আয়োজনে চলছে ডিজিটাল মেলা
কোনো তারের যোগাযোগ নেই। শুধু মুঠোফোনে হাত ছোঁয়ালেই জ্বলে উঠছে বাতি। আবার একই নিয়মে নেভানো যাচ্ছে। একইভাবে বৈদ্যুতিক পাখা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও চালানো যাবে এর মাধ্যমে।
এমনটিই জানালেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। তাঁদের এ প্রকল্পটির কাজ প্রায় শেষ। এখন এটি বড় পরিসরে ব্যবহার করা যাবে পৃষ্ঠপোষকতা পেলে।
চট্টগ্রাম নগরের জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার স্টলে কথা হয় তাঁদের সঙ্গে। চুয়েটের ‘অ্যান্ড্রোমেডা স্পেস’ শীর্ষক রোবোটিক রিসার্চ অর্গানাইজেশনের সদস্য তাঁরা। মেলায় তাঁরা প্রদর্শন করছেন কার ড্রোন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধকতা নির্দেশক যন্ত্র প্রভৃতি। গতকাল শনিবার বিকেলে মেলার দ্বিতীয় দিনে চুয়েটের স্টলে গিয়ে দেখা যায় কৌতূহলি দর্শনার্থীদের ভিড়। তাঁদের মধ্যে বেশির ভাগই ছিল তরুণ।
চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আরিফুজ্জামান বলেন, ‘মেলায় আসার উদ্দেশ্যই ছিল নতুন কোনো উদ্ভাবন সম্পর্কে জানা। চুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবন দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমরাও তো অনেক এগিয়ে আছি।’
গত শুক্রবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ শেষ হবে তিন দিনের মেলা। অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচির তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে। মেলার ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়া গ্রাফি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্টলে ভিটিএমআইএস (ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) প্রযুক্তির মাধ্যমে দেখানো হচ্ছিল জাহাজের সচিত্র গতিবিধি। এ ছাড়া এখানে তুলে ধরা হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অন্যান্য প্রযুক্তি সেবা। এর মধ্যে রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রেনিং সিমুলেটর, কম্পিউটারাইজড কনটেইনার টারমিনাল ম্যানেজমেন্ট সিস্টেম প্রভৃতি।
সিটি ব্যাংকের স্টলে সিটি টাচ ইন্টারনেট ব্যাংকিয়ের সুবিধা নিয়ে আগ্রহ দেখা যায় দর্শনার্থীদের। ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার মোসাব্বের আহমেদ সিদ্দিকী বলেন, ‘সিটি ব্যাংকে হিসাব খুলে আপনি জাদুর মতোই কম্পিউটারে বসে যাবতীয় লেনদেন, কেনাকাটা, টিউশন ফি, বিল পরিশোধ, বিমানের টিকিট কিনতে পারবেন।’
মেলায় ব্যাংক, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি কার্যালয়, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র, তথ্যপ্রযুক্তি বিপণন ও অনলাইননেটওয়ার্কিং প্রতিষ্ঠানসহ ৫১টি সেবা সংস্থার স্টল রয়েছে।
আজ সমাপনী দিন বেলা ১১টায় ‘শিক্ষা ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার’ বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে থাকবে সম্মাননা ও পুরস্কার বিতরণ, সংগীতানুষ্ঠান, লেজার শো প্রভৃতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুন ও আর এস আর এম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।