উদ্ভাবনের 'নেশা' তাঁর

ছোটবেলা থেকে সবকিছুতে তাঁর কৌতূহল। খেলনা নষ্ট হলে কাজ বেড়ে যেত তাঁর। নষ্ট খেলনা খুলে ঠিক করার জন্য মাথার ঘাম পায়ে ফেলার অবস্থা হতো। এমনও দিন গেছে সারা দিন খেলনা মেরামতে কাটিয়ে দিয়েছেন। ফলাফল হয়তো শূন্য, তারপরও তিনি আগ্রহ হারাননি। বড় হওয়ার পর এই আগ্রহ অনেকটা ‘নেশায়’ পরিণত হলো। ছোটখাটো অনেক কিছুই তৈরি করলেন। তবে সাড়া জাগালেন ব্যাটারিচালিত মোটরসাইকেল ও ধান কাটার যন্ত্র তৈরি করে।
তিনি মনোয়ারুল ইসলাম। সবাই তাঁকে চেনেন মুন্না নামে। বছর বাইশের এই তরুণ চট্টগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের যন্ত্র কৌশল বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র। বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পেশকারপাড়ায়। সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয় পেশকারপাড়ার বাড়িতে। শোনান তাঁর কাজের আদ্যোপান্ত।
মুন্নার বড় পরিসরে কাজের শুরু ২০১০ সালে। বাবা তাঁকে একটা মুঠোফোন কিনে দেন। সেই ফোনটিই ভাবনার মোড় ঘুরিয়ে দেয়। তখন তিনি সবে এসএসসি পরীক্ষার্থী।
মুন্না বলেন, ‘সীতাকুণ্ড সদরে আমাদের চালকল ছিল। বাবার সঙ্গে কলে আমিও কাজ করতাম। তখন বিদ্যুতের সমস্যা ছিল বেশি। আর বিদ্যুৎ চলে গেলে কল বন্ধ হয়ে যেত। ফলে কখনো চায়ের দোকানে কিংবা আশপাশের কোথাও গেলে দ্রুত চলে আসতে হতো কল চালু করার জন্য। চিন্তা করতে থাকলাম কলে না গিয়ে কীভাবে মেশিন চালু করা যায়। শেষমেশ মুঠোফোনটিই সমাধান দিল। মুঠোফোন কলের মাধ্যমে চালকলের মেশিন চালু করার জন্য ডিভাইস তৈরি করি। একটি সার্কিট তৈরি করে সেখান সিম সংযুক্ত করে দিই। এভাবে মাস খানেক খেটেকুটে সফল হই। এরপর মুঠোফোন থেকে কল দিয়েই চালু করি কলের মেশিন। প্রথম সফলতা পেয়ে কাজের স্পৃহা বেড়ে যায় কয়েক গুণ।’
মুন্না ২০১৪ সালে তৈরি করেন ব্যাটারিচালিত মোটরসাইকেল। এরপর তাঁর উদ্ভাবনের কথা ছড়িয়ে পড়ল চারপাশে। মোটরসাইকেল তৈরির পেছনেও রয়েছে আরেক গল্প। শুনুন তাঁর মুখে, ‘আমি তখন সীতাকুণ্ড কলেজের এইচএসসির ছাত্র। আমার বাড়ি থেকে কলেজের দূরত্ব দেড় কিলোমিটার। কলেজে যাতায়াত করতাম বাইসাইকেল দিয়ে। তা ছাড়া পারিবারিক মাছের খামারে যেতে প্রায় ১৫ কিলোমিটার পাড়ি দিতে হতো। সময় বাঁচাতে সাইকেলে ব্যাটারি ও মোটর লাগানোর চিন্তা করি। এতে কাজ দেয়। সফল হওয়ার পর মোটরসাইকেল তৈরিতে হাত দিই। এটি বানাতে আমার সময় লেগেছে দুই মাস। নাম দিয়েছি ‘গ্যালাক্সি বাইক’। মোটরসাইকেলটির গতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার। এটি তৈরিতে খরচ পড়েছে ৮৫ হাজার টাকা।’
২০১৫ সালের মার্চ মাসে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের স্বীকৃতি পায় মুন্নার মোটরসাইকেল। এটির ইঞ্জিন ও কাঠামো আরও উন্নত করার জন্য তাঁকে আইসিটি বিভাগ থেকে আট লাখ টাকার অনুদান দেওয়া হয়। ইতিমধ্যে তিনি চার লাখ টাকা পেয়েছেন। এই টাকা কাজে লাগিয়েছেন তাঁর গাড়ির প্রযুক্তিগত উন্নয়নে।
মুন্না বলেন, গাড়ির ডায়োগ্রাম ফাইল আকারে আইসিটি বিভাগে পাঠালে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। এটি কতটা নির্ভরযোগ্য, তা খতিয়ে দেখতে বুয়েটের একটি প্রতিনিধিদলকে দায়িত্ব দেয়। এরপর বুয়েটের প্রকৌশলীরা মোটরসাইকেলটির বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন এবং যন্ত্রপাতি, প্রযুক্তির ব্যবহারগুলো পর্যবেক্ষণ করেন। তাঁদের মতে, এই মোটরসাইকেলটি সাশ্রয়ী মূল্যে দেশের বাজারে বাজারজাত করা যাবে।
মুন্না বলেন, ‘টাকা পাওয়ার পর গবেষণায় আরও মনোনিবেশ করি। এখন অনেক কিছুই উন্নত করা হয়েছে। কমে এসেছে বিদ্যুৎ খরচ। তা ছাড়া পেছনের চাকায় মোটর ও গিয়ার বক্স স্থাপন করা হয়েছে, যা আগে ছিল বাইরে। এখন একবার ব্যাটারি রিচার্জে চলবে ৬০ কিলোমিটার। তবে পরিমাণে বেশি তৈরি করা গেলে এই মোটরসাইকেল ৫০ হাজার টাকার মধ্যে বাজারজাত করা সম্ভব।’
চলতি বছর মুন্না তৈরি করেন ধান কাটার যন্ত্র। এ যন্ত্র দিয়ে প্রতি ঘণ্টায় প্রায় এক একর ধান কাটা যাবে। এতে খরচ হবে ১৫০ টাকা। শ্রমিক দিয়ে কাটা হলে খরচ হতো ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া গ্রামে প্রচলিত পাওয়ার টিলার সঙ্গে লাগিয়ে ধান কাটা যাবে। একসঙ্গে চার ফুট আয়তন নিয়ে জমিতে ধান কাটতে কাটতে সামনে অগ্রসর হবে। কাটার পাশাপাশি ধানগাছ কেটে এক পাশে গুছিয়ে রাখবে। এটি দিয়ে ধানের পাশাপাশি গমও কাটা যাবে। এটি বাজারজাত করলে বাজারমূল্য হবে ৪৫ হাজার টাকা।
এ ছাড়া মুন্না বিভিন্ন সময় উদ্ভাবন করেছেন আরও ১৭টি প্রযুক্তিপণ্য। মুন্না বলেন, ‘আবিষ্কারের নানা বিষয় নিয়ে থাকতে আমার ভালো লাগে। এ জন্য পড়ালেখার কিছুটা ক্ষতি হয়। তারপরও আমি এসবের মধ্যে থাকতে চাই। নিত্যনতুন কিছু উদ্ভাবন করতে পারার আনন্দটা অন্য রকম।’
মুন্নার উদ্ভাবন নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আমরা চাই নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের মেধাবী সন্তানদের উদ্ভাবিত পণ্য ও সেবা একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে। সাফল্য এনে দেবে ডিজিটাল বাংলাদেশের কর্মকাণ্ডকে। তাই মনোয়ারুল ইসলাম মুন্নার উদ্ভাবিত ব্যাটারিচালিত মোটরসাইকেলটিতে প্রযুক্তির আধুনিকতম সমাবেশ ঘটিয়ে যাতে আরও উৎকর্ষ লাভ করে, সে বিবেচনায় আইসিটি বিভাগ তাকে ইনোভেশন ফান্ড থেকে তাকে অনুদান দেওয়া হয়েছে। আশা করি সে লক্ষ্যে মুন্না সফল হবে।’