উদ্ভাবিত কৃষিযন্ত্রকে আরও উন্নত করতে হবে: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকারি সংস্থাগুলোর উদ্ভাবিত নতুন কৃষিযন্ত্রকে বেসরকারি উদ্যোক্তাদের আরও উন্নত করে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে।
রাজধানীতে কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে গতকাল রোববার ‘দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন, প্রস্তুতকরণ ও স্থানীয় উদ্যোক্তা সৃষ্টিতে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী এ কথা বলেন। তিনি বিজ্ঞানীদের কৃষিযন্ত্র আধুনিকীকরণের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারি সংস্থাগুলো নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করছে। কিন্তু এগুলোকে আরও উন্নত করে কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে বেসরকারি খাতের উদ্যোক্তাদের।
পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র রিবনার রেটিং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, কিন্তু ওই যন্ত্র আর উন্নত করা হয়নি। বেসরকারি খাতের উদ্যোক্তাদের ওই যন্ত্রকে আরও উন্নত করে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা ফ্যাশন শো করার জন্য ক্ষমতায় যাই না। দেশের মানুষের সেবা করার জন্য ক্ষমতায় যাই। এ জন্য আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে কৃষি খাতকে ততবারই গুরুত্ব দেওয়া হয়েছে এবং এ খাতের উন্নতি হয়েছে।’
কর্মশালায় কৃষির যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২-এর পরিচালক শেখ মো. নিজাম উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি বলেন, কৃষি যন্ত্রাংশের ৭০ শতাংশই এখন দেশে উৎপাদিত হচ্ছে। কিন্তু কৃষিযন্ত্র এখনো আমদানিনির্ভর রয়ে গেছে। দেশে উৎপাদিত বা বিদেশ থেকে আমদানি করা কৃষিযন্ত্রের মান যাচাইয়ের কোনো ল্যাবরেটরিও দেশে নেই, যা এখন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান এসিআই মোটরসের ব্যবসা পরিচালক সুব্রত রঞ্জন দাস তাঁর উপস্থাপনায় বলেন, দেশের কৃষি খাতে যেসব যন্ত্র ব্যবহৃত হচ্ছে তার ৭০ শতাংশ পাওয়ারটিলার ও ২৫ শতাংশ ট্রাক্টর। মাড়াইযন্ত্র এখনো আমদানিনির্ভর ডিজেল ইঞ্জিন দিয়ে তৈরি হচ্ছে। পানির পাম্পের ৮০ শতাংশ আমদানি করা হয় ও ২০ শতাংশ দেশে উৎপাদিত হচ্ছে। কৃষিতে যেসব নতুন প্রযুক্তি আসছে তার বেশির ভাগই আমদানিনির্ভর।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আযাদ। বিভিন্ন সরকারি সংস্থার কৃষিযন্ত্র-বিষয়ক গবেষক এবং উদ্ভাবক ছাড়াও বেসরকারি খাতের উদ্যোক্তারা কর্মশালায় বক্তব্য দেন।