উদ্ভূত পরিস্থিতি নিয়ে খালেদা জিয়া আজ বক্তব্য দেবেন
দেশের চলমান অবস্থা নিয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শুক্রবার বিকেল পাঁচটায় গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন।গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করে খালেদা জিয়া এ সিদ্ধান্ত নেন। বৈঠক চলাকালে রাত সাড়ে ১০টায় খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে এ কথা বলেন।এ ছাড়া বিএনপি নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বলেও দলীয় সূত্রগুলো জানিয়েছে।বিএনপির চেয়ারপারসন চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে গতকাল রাতেই দেশে ফেরেন। তিনি রাত পৌনে নয়টায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি গুলশানে তাঁর কার্যালয়ে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় এবং রায়-পরবর্তী সহিংসতা ও ব্যাপক প্রাণহানির ঘটনাসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।বৈঠক শেষে জানতে চাইলে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, গত রাতের বৈঠকে আগামী দিনগুলোতে বিক্ষোভ ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। দলের চেয়ারপারসন কর্মসূচি চূড়ান্ত করে ঘোষণা দেবেন।খালেদা জিয়া গত ১৯ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। নয় দিন পর গত রাতে তিনি দেশে ফিরেন। প্রত্যক্ষদর্শী একজন জানান, বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকাসহ বিএনপির নেতারা ফুল দিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। তখন তিনি ফুলের তোড়া ফেলে দিয়ে নেতাদের উদ্দেশে বলেন, দেশে নির্বিচারে মানুষ হত্যা চলছে। আর আপনারা এখানে ফুল নিয়ে এসেছেন।