উদ্যম হারায়নি ছাত্রসমাজ
ভাষার মাসে আমরা শুনব জেলায় জেলায় ভাষা আন্দোলনের উত্তাল দিনের ঘটনা। আজ নড়াইল

কে প্রথম, কে দ্বিতীয় বা তৃতীয়, তা নিয়ে বিতর্ক অর্থহীন। তবু বিতর্ক। রাজশাহীর ভাষাসংগ্রামীদের দাবি, যত ছোট বা অসম্পূর্ণ হোক, ২১ তারিখ রাতে (অবশ্য কারও মতে ২২ তারিখে) গড়া রাজশাহীর শহীদ মিনারই দেশের প্রথম শহীদ মিনার। অন্যদিকে, ঢাকাই ভাষাসংগ্রামীদের কথা হলো, তাঁদের শহীদ মিনার পূর্ণাঙ্গ শহীদ মিনার, তাই গুরুত্বটা তাঁদেরই প্রাপ্য। কিন্তু নড়াইল? যশোর জেলার প্রত্যন্ত মহকুমা হওয়া
সত্ত্বেও অনেক বাধা-বিপত্তির মুখে চালিয়ে যাওয়া ভাষা আন্দোলনের একুশেতেই সংগ্রামী ছাত্ররা গড়ে তোলেন একটি শহীদ মিনার।
প্রদ্যোত ভট্টাচার্য লিখেছেন: ‘তেভাগা আন্দোলনের ঐতিহ্যে লালিত নড়াইল আন্দোলনে সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানে বামপন্থীরা সকল আন্দোলনে পথিকৃৎ ছিলেন।’ তাঁর প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সূচিত আন্দোলনের দিনটিতেই ‘রাতারাতি মুসলিম বোর্ডিংয়ে একটি অস্থায়ী মিনার নির্মিত হয়। রাতের আঁধারে সেখানে পুষ্পস্তবক দেওয়া হয়।’ কিন্তু শহরের সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল শক্তি ‘নড়াইলের প্রথম শহীদ মিনারটি ভেঙে ফেলে।’
বিভাগপূর্ব নড়াইল ছিল রাজনীতিমনস্ক শহর, সেই সঙ্গে সাহিত্য-সংস্কৃতিচর্চায়ও অগ্রসর। শহরটিতে প্রধানত শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত ও পেশাজীবীদের বাস ছিল, যদিও বেশ কয়েকটি শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত পরিবারও রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
চল্লিশের দশকের মাঝামাঝি সময় থেকে স্থানীয় ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত মুসলমান ছাত্রদের অধিকাংশই মুসলিম লীগপন্থী। তাঁদের মধ্যে বহিরাগত ছাত্রদের আবাসস্থল ছিল শহরের মধ্যিখানে অবস্থিত বোর্ডিং হাউসে।
১৯৪৭ সালের আগস্টে সূচিত দেশ বিভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠার হুজুগে আতঙ্কিত মধ্যবিত্ত হিন্দুদের অধিকাংশই ভারতে পাড়ি জমায়। হয়তো সে কারণেই ১৯৪৮ সালের মার্চের ভাষা আন্দোলন সেখানে ততটা জমে ওঠেনি। অথবা জমে উঠেছিল, কিন্তু তথ্য পরিবেশনের মতো অভিজ্ঞতাসম্পন্ন কেউ পূর্বোক্ত প্রতিবেদন তৈরির সময় ছিলেন না।
দুই.
নড়াইলে সংগঠিত ভাষা আন্দোলন মূলত একুশেরই ইতিহাস বলা চলে। এখানেও প্রদেশের অন্যান্য প্রান্তিক শহরের মতো বায়ান্নর ভাষা আন্দোলন যতটা ঢাকা থেকে নির্ধারিত কর্মসূচির টানে, তার চেয়ে বেশি ঢাকায় সংঘটিত ঘটনাবলির প্রতিক্রিয়ায়। পূর্বোক্ত প্রতিবেদনমতে, প্রগতিশীল রাজনীতিবিদ আফসারউদ্দিন মোক্তারকে সভাপতি মনোনীত করে ভাষা আন্দোলন পরিচালনার জন্য সংগ্রাম কমিটি গঠিত হয়।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন তেভাগা আন্দোলনের কিংবদন্তিপ্রতিম ব্যক্তিত্ব নূর জালালের কন্যা রিজিয়া বেগমসহ শহরের একাধিক রাজনীতিবিদ। এঁদের সঙ্গে আন্দোলনের প্রধান সংগঠক শক্তি হিসেবে উপস্থিত স্কুল ও কলেজের ছাত্রনেতৃত্ব। একুশের পরদিন থেকে আন্দোলনে গতি সঞ্চারিত হয় ঢাকায় ভাষাসংগ্রামীদের জমায়েতে গুলিবর্ষণের ফলে কয়েকজন ছাত্র-অছাত্র শহীদ হওয়ার মতো ঘটনার কারণে।
রূপগঞ্জে অবস্থিত নড়াইল ভিক্টোরিয়া কলেজের সংগ্রামী ছাত্রদের উদ্যোগে সংগঠিত প্রতিবাদী মিছিল নড়াইল শহরে এসে পৌঁছালে স্থানীয় ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে শামিল হন। উদ্যোগী ছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য রিজিয়া, বেবি, রুবি, শেফালি, বুলবুল প্রমুখ। প্রশাসন ছিল আন্দোলনকারীদের চেয়ে এক পা এগিয়ে। অকারণে জারি করা হয় ১৪৪ ধারার নিষেধাজ্ঞা।
তাই কৌশলগত পদক্ষেপ হিসেবে আফসার মোক্তার সাহেব উপস্থিত ছাত্রজনতাকে সংক্ষেপে ভাষা আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করে সরকারের দমননীতির বিরুদ্ধে গ্রহণীয় পদক্ষেপ সম্বন্ধে আলোচনা করে গ্রেপ্তার এড়াতে দ্রুত সভাস্থল ছেড়ে চলে যান। পুলিশ যথারীতি হামলা চালায় মিছিলে। নেতৃস্থানীয় অনেকে আহত হন, মিছিল ছত্রভঙ্গ হয়।
পুলিশ ইন্সপেক্টর গোলাম রাব্বানির নেতৃত্বে পুলিশি তৎপরতা চলে। (ঘটনার কী পরিহাস, এই পুলিশ সাহেবই একাত্তরের স্বাধীনতাযুদ্ধে শহীদ।) পাশাপাশি প্রশাসনের তরফ থেকে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ধর্মাচারগত অপপ্রচারও চালানো হয়।
কিন্তু তাতে ছাত্রসমাজ উদ্যম হারায়নি। আন্দোলন ক্রমেই জোরদার হয়েছে, তবে তা প্রধানত সভা, মিছিল, স্লোগান ও সমাবেশে প্রকাশ পেয়েছে। ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা এ আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। নেপথ্যে ছিলেন হাতে গোনা কয়েকজন রাজনীতিক, পেশাজীবী, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্টজন।
এই আন্দোলন শুধু নড়াইল বা রূপগঞ্জে সীমাবদ্ধ ছিল না; আন্দোলনের বিস্তার ঘটে শিক্ষায়তন ঘিরে আশপাশে ও দূর এলাকায়। যেমন: লোহাগড়া, লক্ষ্মীপাশা থেকে অভয়নগর, আলমডাঙ্গা, কালিয়া, গোবরা প্রভৃতি এলাকায়। আন্দোলনের পৃষ্ঠপোষকতায় ছিলেন স্থানীয় আইনজীবীদের অধিকাংশ এবং ফরিদুদ্দাহার, বটুকেশ্বর দত্ত, মোদাচ্ছের মুন্সী প্রমুখ কমিউনিস্ট নেতা।
শহরে তৈরি প্রথম শহীদ মিনার ভেঙে ফেলার পর রূপগঞ্জে ভিক্টোরিয়া কলেজের সংগ্রামী ছাত্রদের উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করা হলে সেটাও দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ভেঙে ফেলে। তাতে উদ্যম হারায়নি ছাত্রসমাজ। শহীদ মিনার বারবার তৈরি হয়েছে, শুধু নড়াইল শহরে বা রূপগঞ্জে ভিক্টোরিয়া কলেজেই নয়, মহকুমার একাধিক শিক্ষায়তন প্রাঙ্গণে গড়া হয়েছে শহীদ মিনার। সবশেষে স্বাধীনতা-উত্তরকালে নড়াইল শহরে হাইস্কুল এবং রূপগঞ্জ কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছে শহীদ বেদি, যেগুলো শহীদ দিবস উদ্যাপনের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত।
আগামীকাল: চুয়াডাঙ্গা