উদ্যমে এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু বক্কর
আবু বক্কর

বাবা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর পারিবারিক সিদ্ধান্ত এল, পড়ালেখা এখানেই বন্ধ। অথচ ছেলেটির স্বপ্ন পড়ালেখা করে ‘পণ্ডিত’ হওয়ার। শেষমেশ পরিবারকে বোঝানো গেলেও শর্ত একটাই—খরচ জোগাতে হবে নিজেকেই। সেই থেকে ইটভাটায় কাজ করে চলছে পড়ালেখা। এ গল্প নাটোরের অদম্য মেধাবী আবু বক্করের। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে।
চাঁপাইনবাবগঞ্জের শ্যামলী খাতুনের গল্পটাও অন্যদের হার মানানোর মতো। বছর খানেক বয়সেই হারায় শ্রমজীবী বাবাকে। এরপর কেবলই দুর্দিনযাত্রা। খেয়ে না-খেয়ে চলেছে লেখাপড়া। অদম্য ইচ্ছার বলেই এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে শ্যামলী।
আবু বক্কর নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রামের আজিজ খলিফার ছেলে। ২০১৪ সালের ডিসেম্বরে দিনমজুর আজিজের বাঁ পা হঠাৎ অবশ হয়ে পড়ে। অবশ হয়ে পড়ে পরিবারটাও। কারণ, তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়, বড় ভাই তোফায়েল আহম্মেদের (এইচএসসি পরীক্ষার্থী) পড়ালেখা চললেও আবু বক্করের পড়ালেখা এখানেই শেষ। অথচ সবে অষ্টম শ্রেণিতে পড়ে সে। পরিবারের এ সিদ্ধান্ত মানতে পারেনি আবু বক্কর। বাবা-মাকে বোঝাতে স্যারদের কাছে ধরনা দিয়েছে। স্যারদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন তাঁরা। তবে শর্ত এই যে, পড়ালেখার খরচ আবু বক্করকেই জোগাতে হবে।

শ্যামলী খাতুন
শ্যামলী খাতুন


শর্তপূরণে বাড়ির পাশের ‘এএইচসি’ ইটভাটায় ইট টানার কাজ নেয় আবু বক্কর। এখনো সেই কাজ চালিয়ে যাচ্ছে। সমানতালে চলছে পড়ালেখাও। পণ্ডিতগ্রাম উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।
আবু বক্কর বলে, ‘বাড়ি আমার পণ্ডিতগ্রামে। অথচ পড়ালেখা বন্ধ করে বসে থাকব, তা কি হয়? কষ্ট করে হলেও পড়ালেখা চালিয়ে যাব। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত (শিক্ষক) হব, ইনশা আল্লাহ।’
চাঁপাইনবাবগঞ্জের শ্যামলী খাতুনের শ্রমজীবী বাবা সাকিম উদ্দীনের কোনো স্মৃতি তার মনে নেই। বুঝতে যখন শিখেছে, দেখেছে অন্নের জন্য লড়াইরত এক মাকে। তিন বোন ও এক ভাইয়ের খাবার জোটাতে গৃহকর্মীর কাজ করতেন মা মনোয়ারা বেগম। প্রাথমিকের গণ্ডি পেরোতে না-পেরোতেই বড় মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। মেজো মেয়ে লেখাপড়া করেছে বিদ্যালয়ের একজন শিক্ষিকার সহায়তায়।
পৌর এলাকার আলী নগরের যেখানটায় শ্যামলীদের বাড়ি, তার চারপাশে বিদ্যুতের ঝলমলে আলো। কিন্তু শ্যামলীদের বাড়িটা ছিল অন্ধকারাচ্ছন্ন। সামর্থ্য না থাকায় এক কুপি জ্বালিয়ে পড়ালেখা চালাত দুই বোন। দুজনের লেখাপড়াটা অব্যাহত রাখতে অনেক ত্যাগ স্বীকার করতে হয় একমাত্র ভাইকে। লেখাপড়া ছেড়ে বাল্যকাল থেকেই রাজমিস্ত্রির জোগালির কাজ করতে হচ্ছে তাকে। পৌর এলাকার আলী নগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।
শ্যামলী খাতুন জানায়, লেখাপড়া করে সে নিজের পায়ে দাঁড়াতে চায়। দুঃখিনী মায়ের মুখে হাসি ফোটাবে সে। মায়ের সংগ্রাম সার্থক করতে চায় শ্যামলী।