উদ্যানে ভবঘুরে থাকতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে সিটি করপোরেশন নির্বাচনে ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন ফরিদ উদ্দিন আহম্মেদ। গতকাল ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রথম আলো: কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডের উন্নয়নে কী কী কাজ করেছেন?
কাউন্সিলর: গত দুই বছরে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে ওয়ার্ডের অধিকাংশ সড়ক সংস্কার করেছি। বর্তমানে সেগুনবাগিচা কাঁচাবাজার থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি গলি সড়কের সংস্কারকাজ প্রক্রিয়াধীন। এ ছাড়া ওয়ার্ডের ৯৫ শতাংশ জলাবদ্ধতা নিরসন করেছি। ৮৫ শতাংশ এলাকায় এলইডি বাতি লাগিয়েছি। এলাকার প্রতিটি বড় সড়কের মাথায় নিরাপত্তা ফটক নির্মাণ করেছি।
প্রথম আলো: নির্বাচনের আগে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
কাউন্সিলর: নাগরিকদের অন্যতম দাবি, মহল্লায় একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করা। শিগগিরই বিষয়টি ডিএসসিসির মেয়রকে জানানো হবে।
প্রথম আলো: সেগুনবাগিচা কাঁচাবাজারের পরিবেশ নোংরা। এ ব্যাপারে কী পদক্ষেপ নেবেন?
কাউন্সিলর: কাঁচাবাজারটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল। তা পরিষ্কার বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডিএসসিসির রাজস্ব বিভাগের।
প্রথম আলো: ওসমানী উদ্যানের পরিবেশের উন্নয়নে কোনো পদক্ষেপ নিয়েছেন?
কাউন্সিলর: উদ্যানের উন্নয়নে প্রায় ১০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে ডিএসসিসি। প্রকল্প বাস্তবায়ন হলে ভবঘুরেরা আর উদ্যানে থাকতে পারবে না।
প্রথম আলো: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করতে কী উদ্যাগ নিয়েছেন?
কাউন্সিলর: পথচারীবান্ধব ফুটপাত উপহার দিতে অনেকবার তা উচ্ছেদ করেছি। কিন্তু পলিটিক্যাল টাউট-বাটপারদের সহযোগিতায় আবার দোকানপাট বসছে। তাই ফুটপাত ফাঁকা রাখা যাচ্ছে না।