উদ্যানের জায়গা সংরক্ষণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম্ফিথিয়েটারে জুয়ার আসর
এম্ফিথিয়েটারে জুয়ার আসর
নজরুল ইসলাম
নজরুল ইসলাম

সোহরাওয়ার্দী উদ্যানকে আমরা ১৯৭১ পর্যন্ত জানতাম রেসকোর্স ময়দান বলে। ব্রিটিশ আমলে বেইলি রোড থেকে রমনা উদ্যান, রেসকোর্স, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে নীলক্ষেত পর্যন্ত ছিল ঢাকা শহরের উন্মুক্ত এলাকা। রমনায় ছিল পরিকল্পিত সিভিল লাইন। রেসকোর্সে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব বৃদ্ধি করে।স্বাধীনতার পর বঙ্গবন্ধু ঘোড়দৌড়ের জুয়া নিষিদ্ধ করেন। তাঁর পরামর্শেই রেসকোর্সকে উদ্যানে পরিবর্তনের পরিকল্পনা করা হয়। প্রধান স্থপতি শাহ মোহাম্মদ জহির উদ্দিন এর নকশা প্রণয়ন করেন। রমনা কালীমন্দির পাকিস্তানি বাহিনী মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। ১৯৭২-৭৫-এর মধ্যে এখানে উদ্যানে রূপান্তরের কাজ শেষ হয়েছিল।এরপর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উদ্যানের উত্তর দিকের একটি অংশে গাছ কেটে শিশুপার্ক করা হয়। উদ্দেশ্য ছিল, স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেখানে বক্তৃতা করেছিলেন, সেই ইন্দিরা মঞ্চ বা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্থানটিকে মঞ্চ করে যাতে সম্প্রসারিত না করা যায়। নগর পরিকল্পনা অনুসারে, এই জায়গা কোনোভাবেই শিশুপার্ক করার উপযুক্ত ছিল না।এরপর আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমী থেকে সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমী হয়ে শহীদ মিনার পর্যন্ত এলাকায় সোনার বাংলা সাংস্কৃতিক বলয় নির্মাণের পরিকল্পনা করে। এর অংশ হিসেবেই সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ, শিখা চিরন্তন, ভূগর্ভস্থ জাদুঘর, এম্ফিথিয়েটার এসব নির্মাণ। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে কাজটি শেষ হয়নি। এরপর বিএনপির দ্বিতীয় পর্যায়ে এবং পরের দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের সময়েও প্রকল্পটির কাজ এগোয়নি।

থমকে আছে মূল স্বাধীনতাস্তম্ভের নির্মাণকাজ। ১৫ বছরেও শেষ হয়নি কাজটি।
থমকে আছে মূল স্বাধীনতাস্তম্ভের নির্মাণকাজ। ১৫ বছরেও শেষ হয়নি কাজটি।

আওয়ামী লীগ তথা মহাজোট সরকার প্রকল্পটি শেষ করার উদ্যোগ নিলেও এখনো সেটি সম্পন্ন হলো না।এর মধ্যে মাঠের পরিবেশ নষ্ট হয়ে গেছে। এটা খুবই দুঃখের বিষয়, এই মাঠের ব্যবস্থাপনার কেউ নেই। পূর্ত মন্ত্রণালয় না মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে এর রক্ষণাবেক্ষণ করবে, তা ঠিক হয়নি। এখনো যে খোলা জায়গা রয়েছে, তা কঠোরভাবে সংরক্ষণ করা প্রয়োজন। মন্দিরটির যে জায়গা পাওনা, তা তাদের দিয়ে গ্রিল দিয়ে এর সীমানা ঘিরে দিতে হবে যেন এর আশপাশে কোনো দোকানপাট গড়ে না ওঠে। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুকুরটি সংস্কার, পরিকল্পনা অনুসারে এম্ফিথিয়েটারের দায়িত্ব বাংলা একাডেমীকে দেওয়া, একটি অংশে সবুজ ঘাসে ঢাকা চত্বর সৃষ্টি করা, শিশুদের জন্য একটি কর্নার করা, পুলিশ ক্যাম্প সরানো—এসব সিদ্ধান্ত নিলেই করা যায়। ইদানীং এখানে রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে। এখানে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান বা এ ধরনের কোনো উৎসবকে অনুমতি দেওয়া হবে। তবে মূল কথা হলো, স্থাপনাগুলোর নির্মাণ দ্রুত শেষ করে কঠোরভাবে বাকি জায়গাকে সংরক্ষণ করতে হবে। এ জন্য একটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার কোনো বিকল্প নেই বলেই আমার মনে হয়। যান্ত্রিক ঢাকার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে এই স্থানটি গড়ে উঠুক—এটা আমরা চাই।

l লেখক: নগর পরিকল্পনাবিদ ও সভাপতি, এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ