উদ্যানের সৌন্দর্য ফেরানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় অর্ধেক গাছই কাটা পড়েছে নানা রকমের স্থাপনার কারণে। তা সত্ত্বেও এখনো উদ্যানটির হতশ্রী দশা ঘুচিয়ে এটিকে দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব বলেই নিসর্গবিদেরা মনে করেন।

গত শতকের সত্তরের দশকের শেষ ভাগে রেসকোর্স ময়দানে গাছ লাগানো হয়েছিল। ময়দানটিতে জনসভা বন্ধ করতেই তৎকালীন সরকার এই উদ্যোগ নেয়। নিসর্গবিদ দ্বিজেন শর্মা জানান, সে সময় রমনা উদ্যানের দায়িত্বে ছিলেন গণপূর্ত বিভাগের এসডিও মোজাফফর আহমেদ। তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছিল দ্রুত ময়দানে গাছ লাগিয়ে এটিকে উদ্যানে পরিণত করে তোলার। তখন নানা প্রজাতির গাছ রোপণ করা হয়। পরে গাছগুলো বেড়ে উঠে নিবিড় ছায়াময় অরণ্যের রূপ নেয়।

যোগাযোগ করা হলে মোজাফফর আহমেদ বলেন, ১৯৭৩ সালে প্রথম এখানে বৃক্ষরোপণ শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নারকেলগাছের চারা রোপণ করেন উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে। লক্ষ্য ছিল এটিকে একটি ‘উডেন গার্ডেন’ বা বড় গাছসমৃদ্ধ ছায়াময় উদ্যানে পরিণত করা। ভেতরে কয়েকটি রাস্তাও নির্মাণ করা হয়েছিল।

স্বাধীনতাস্তম্ভ, শিখা চিরন্তন, ভূগর্ভস্থ জাদুঘর, জলাধার, অ্যাপ্রোচ প্লাজা, উন্মুক্ত মঞ্চ—এসব স্থাপনা নির্মাণ, কালীমন্দির নির্মাণ এবং জায়গা দখল করে দোকানপাট বসায় উদ্যানের বহু গাছ কাটা পড়ে। হতশ্রী উদ্যানের সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্বিজেন শর্মাকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছিল। তবে সেই কমিটির একটি সভার পর আর কোনো কাজ এগোয়নি। কমিটি ভেঙে গেছে।

দ্বিজেন শর্মা প্রথম আলোকে বলেন, উদ্যানকে রক্ষা করতে হলে যে গাছগুলো অবশিষ্ট আছে, তা আর কাটা উচিত হবে না। এই গাছগুলোকে রেখেই নতুন করে পরিকল্পনা করতে হবে। সে ক্ষেত্রে উদ্যানের চারপাশের কিনার দিয়ে ছোট আকারের ফুলগাছ সারি করে লাগানো যায়। এ ছাড়া সুবিধামতো স্থানে মৌসুমি ফুলের গাছও লাগানো যায়। উদ্যানের দক্ষিণ অংশে একটি বিশেষ ধরনের কুঞ্জও তৈরি করা যায়। এখানে প্রেমিক-প্রেমিকারা বসে সময় কাটাতে পারেন। আমাদের দেশে যদিও এই বিষয়টিকে ভালো চোখে দেখা হয় না। কিন্তু সারা বিশ্বেই উদ্যানে এ ধরনের কুঞ্জ রয়েছে।