উদ্যাপিত হলো খুশির ঈদ

যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে উদ্যাপিত হয়েছে মুসলিম উম্মাহর বড় উৎসব ঈদুল ফিতর। এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে ঈদকে ঘিরে সারা দেশেই ছিল উৎসবের আমেজ।
তবে ঈদের ঠিক আগের শুক্রবার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় এবং ঈদের দিন সকালে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ার অদূরে জঙ্গি হামলার ঘটনায় মানুষের মধ্যে ছিল আতঙ্ক। এই দুই ঘটনা ঈদের আনন্দকে অনেকটাই ম্লান করেছে বলে বিভিন্ন পর্যায়ের মানুষ মন্তব্য করেছেন। অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও তাঁদের আনন্দ ম্লান হওয়ার কথা লিখেছেন। কি শহর, কি গ্রাম, সব জায়গাতেই ছিল এই ঘটনা নিয়ে আলোচনা।
এর মধ্য দিয়েই ঈদ উদ্যাপন করেছে মানুষ। রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাসস জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও এখানে ঈদের নামাজ আদায় করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ঈদের জামাতে ইমামতি করেন। দেশ, জনগণ ও মুসলিম উম্মাহর শান্তি, প্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় ঈদগাহে মহিলাদের ঈদ জামাতের বিশেষ আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদগাহ ও আশপাশে কড়া নিরাপত্তা নিশ্চিত করে।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হয়। ঈদ উপলক্ষে রেডিও, টেলিভিশনগুলোতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানমালা।
রাষ্ট্রপতি ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও আলাদাভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শহরে আনন্দ: ঈদের ছুটিতে অনেকে গ্রামের বাড়ি গিয়েছিলেন সপরিবারে। কিন্তু যাঁরা ঢাকায় ছিলেন তাঁদের একটা অংশের ঈদের দিন থেকে ছুটির আনন্দ উপভোগ করতে ভিড় ছিল রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে। শিশু-কিশোরদের আবদার আর উচ্ছ্বাস ছিল প্রবল। তাদের নিয়ে বাবা-মায়েরা ঘুরেছেন শহরের বিভিন্ন স্থানে। এ কারণে ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত বিশেষ চাপ ছিল শিশুপার্কে।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার দর্শনার্থী সবচেয়ে বেশি। পশুপাখির বিচিত্র সব কাণ্ড-কারখানা দেখে আনন্দে সময় কাটায় বিভিন্ন বয়সী মানুষ।
এসবের বাইরে রাজধানীর বিভিন্ন উদ্যান ছিল বিনোদনপ্রিয় মানুষের পদচারণে মুখর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যান ও চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সী অনেক মানুষের সমাগম।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, কলাভবনেও ছিল তরুণদের ভিড়। ঢাকাবাসী শিক্ষার্থীদের অনেকেই উদ্যাপন করছেন ঈদ পুনর্মিলনী। কেউ মেতে উঠেছেন ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণায়।