উদ্যাপিত হলো বাইনারি মুহূর্ত
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হলো বাইনারি দিবস। গতকাল ১০ অক্টোবর রোববার ১০টা ১০ মিনিটে বিশেষ এ দিনটিকে ঘিরে ছিল উচ্ছ্বাস আর নানা আয়োজন। শতকের অন্যতম এ বাইনারি মুহূর্ত যার প্রায়োগিক ব্যবহারের ফসল তথ্যপ্রযুক্তির উন্নতি। আর তাই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ১০টা ১০ মিনিটের এক মিনিট আগে বাইনারি সংখ্যায় কাউন্টডাউনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু। প্রধান অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ (আইসিটি) মন্ত্রী ইয়াফেস ওসমান এক মিনিটের বক্তব্যে বলেন, ‘আজকের এ সুন্দর মুহূর্তটি পরবর্তী প্রজন্ম যেন মনে রাখে, সে ধরনের কিছু করে যেতে হবে। আমার বিশ্বাস, নতুন প্রজন্মই দেশকে বদলে দেবে এবং এগিয়ে নিয়ে যাবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণিতভীতি দূর করে নতুন প্রজন্মকে গণিতমনস্ক করা। সেই সঙ্গে তাদের প্রযুক্তির প্রতি আহ্বান জানানো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ দিনটিতে সত্যের অন্বেষণ ও সুন্দরভাবে কাজ করার অঙ্গীকার করতে হবে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আজকের দিনটির মতো শতবর্ষ পরে এমন দিন হবে। তবে তা ডিজিটাল পদ্ধতির হবে কি না, বলা যায় না। তবে পরিবর্তনশীল যা কিছুই হোক না কেন, তা ভালো হবে এমনই প্রত্যাশা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মাহবুব জামান, মহাসচিব ফোরকান বিন কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক হাসিনা বেগম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় ১০ মিনিটের বিশেষ গণিত ও তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা। এরপর শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজন করা হয় তাৎক্ষণিক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠানটি সরাসরি ওয়েবসাইটে সম্প্রচার করে কমজগত ডট কম এবং সহযোগিতায় ছিল প্রথম আলো।