
বাংলাদেশের ফ্যাশনশিল্প দিন দিন আরও প্রসারিত হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশের মানুষ এখন আস্থা রাখছে বাংলাদেশের পোশাকে। সারা দেশে বর্তমানে কমবেশিসাড়ে চার হাজার ফ্যাশন হাউস আছে।এ শিল্পে কর্মসংস্থান হচ্ছে ৫০ লাখ মানুষের। নারীর অংশগ্রহণ এখানে ৭০ শতাংশ।
সম্প্রতি যাত্রা শুরু হয়েছে ফ্যাশন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) নামের নতুন এক সংগঠনের।বাংলায় এর পরিচিতি ‘ফ্যাশন উদ্যোগ’ নামে। আর এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হলো বাংলাদেশের ফ্যাশনশিল্প নিয়ে এসব তথ্য।
দেশের ফ্যাশন হাউসগুলোর সঙ্গে জড়িতদের আরও একধাপ এগিয়ে নেওয়া এই সংগঠনের লক্ষ্য। ২২ মার্চ রাজধানীর একটি হোটেলে ফ্যাশন উদ্যোগের এক বছরমেয়াদি কার্যনির্বাহী পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। ফ্যাশন হাউস সাদাকালোর অন্যতম উদ্যোক্তা আজহারুল হককে সভাপতি করে গঠিত হয়েছে ১৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদ। প্রাথমিক পর্যায়ে এ সংগঠনের সদস্য দেশের ৪৯টি ফ্যাশন হাউস।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সুন্দরের চর্চা করা মানুষের স্বাভাবিক স্বভাব। এখানে বয়স কোনো বিষয় না। সব বয়সের মানুষই কমবেশি ফ্যাশনসচেতন। দেশি ফ্যাশনকে এগিয়ে নিতে “ফ্যাশন উদ্যোগ” নামের এই সংস্থার প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ এবং সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনিউরের সভাপতি রোকেয়া আফজাল রহমান।
ফ্যাশন উদ্যোগের সহসভাপতি শাহীন আহমেদ বলেন, ‘সারা দেশের ফ্যাশন উদ্যোক্তাদের নানা ধরনের সহায়তা ও ঐক্যবদ্ধ শক্তি আমাদের এই শিল্পকে আরও এগিয়ে নিতে কাজ করবে। পোশাকশিল্পের অগ্রযাত্রার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে আশা করি। আর সেই লক্ষ্যেই কাজ করব আমরা।’