উদ্যোক্তার ভূমিকায় আরও সক্রিয় হওয়ার আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার অংশগ্রহণকারী তরুণেরা উদ্যোক্তার ভূমিকায় আরও সক্রিয় হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। ‘উদ্যোক্তা হতে হলে কী প্রয়োজন’ শীর্ষক প্যানেল আলোচনায় তাঁরা এ আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) তিন দিনের এই যুব সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হচ্ছে।আলোচনায় সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক বলেন, উদ্যোক্তা হওয়া মানে শুধু নতুন ব্যবসা শুরু করা নয়। সব প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং মানুষকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াই একজন সফল উদ্যোক্তার গুণ।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী ‘শিক্ষা এবং পেশা’ শীর্ষক প্যানেল আলোচনার সভাপতিত্ব করেন। তিনি বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষা মূল হাতিয়ার। বৈষম্যহীন একতাভিত্তিক সমাজ গঠনে তিনি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা গীতি আরা সাফিয়া চৌধুরী জানান, এ সম্মেলনে তরুণদের আগ্রহ ও উদ্দীপনা দেখে তিনি অভিভূত। তিনি বলেন, তরুণেরা যাঁরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন, তাঁদের অগ্রজ, সফল পেশাজীবী এবং শিক্ষাবিদদের সঙ্গে ধারণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের এক অসাধারণ মাধ্যম এই সম্মেলন।গতকাল জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য শক্তি, সুশাসন, সামাজিক যোগাযোগের মাধ্যম এবং নারী ও নেতৃত্ব শীর্ষক সমান্তরাল আলোচনাও অনুষ্ঠিত হয়। এই যুব সম্মেলনে সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫০ জন তরুণ এবং ৫০ জন দেশীয় ও আন্তর্জাতিক বক্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।