উদ্যোগ না নেওয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব ক্যাম্পাসে যেতে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় একেবারেই উদ্যোগ নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সোমবার সচিবালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, সদস্য ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।
বর্তমানে দেশে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে পুরোনো ৫২টির মধ্যে মাত্র ১১টি পূর্ণাঙ্গভাবে নিজস্ব ক্যাম্পাসে গেছে। বাকিগুলোর মধ্যে কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস করলেও পূর্ণাঙ্গভাবে যেতে পারেনি। তবে অধিকাংশই উদ্যোগ নিয়েছে। এ নিয়ে গত রোববার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, তিনটি বিশ্ববিদ্যালয় এখনো জমিও কেনেনি। অনেকে জমি কিনলেও নির্ধারিত পরিমাণের চেয়ে কম কিংবা বিশ্ববিদ্যালয়ের নামে না কিনে ফাউন্ডেশনের নামে কিনেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যেতে তিন দফায় সময় বাড়ানোর পর সর্বশেষ মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে।
সভায় উপস্থিত ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বৈঠকে উচ্চশিক্ষার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আগামী ১৩ আগস্ট বৈঠক হবে বলেও জানান তিনি।