উদ্যোগ নিতে হবে সার্ককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দরিদ্র মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ সংগ্রহে দক্ষিণ এশিয়ার দেশগুলো একত্রে কাজ করতে পারে। সার্কের আওতায় একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করে দক্ষিণ আফ্রিকার ডারবানের আসন্ন জলবায়ু সম্মেলনে যৌথ অবস্থান ঘোষণা করতে হবে।গতকাল রোববার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত দুই দিনব্যাপী চতুর্থ দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের জলবায়ু পরিবর্তনবিষয়ক অধিবেশনে বক্তারা এসব প্রস্তাব দিয়েছেন।‘আঞ্চলিক কাঠামোয় জলবায়ু পরিবর্তন: সাম্প্রতিক উদ্যোগ’ শীর্ষক এই অধিবেশনের সভাপতিত্ব করেন নেপালভিত্তিক সংস্থা সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্টের (সাটি) নির্বাহী চেয়ারম্যান পশ রাজ পান্ডে। তিনি জাতিসংঘের আওতায় কানকুন গ্রিন ফান্ডের উল্লেখ করে বলেন, যৌথ উদ্যোগে এই তহবিল সংগ্রহ করে এ অঞ্চলের জনগণের কাজে লাগে লাগাতে হবে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, কানকুন সবুজ তহবিল কোন ধরনের ব্যবস্থাপনার আওতায় আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অভিযোজন বিষয়ে ইউএনএফসিসি যে অভিন্ন কাঠামো তৈরি করা হয়েছে, তা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের আপত্তির কারণে চূড়ান্ত হয়নি। বিসিএএস-এর গবেষক গোলাম রব্বানী বলেন, বাংলাদেশ প্রথম জাতীয় অভিযোজন কর্মপরিকল্পনা, কৌশলপত্র ও নিজস্ব তহবিল গড়ে তুলেছে। ভারত কম কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যাপারে কর্মপরিকল্পনা নিয়েছে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান অভিযোজন কর্মপরিকল্পনা তৈরি করেছে। কিন্তু এই দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সমন্বিত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।