
বৃষ্টি ও জোয়ারজনিত জলাবদ্ধতা কিংবা বন্যা—এসব দুর্ভোগ থেকে চট্টগ্রাম নগরবাসীকে মুক্তি দিতে ১৯৯৫ সালে প্রণয়ন করা হয় ‘চিটাগাং স্টর্ম ওয়াটার ড্রেনেজ অ্যান্ড ফ্লাড কন্ট্রোল মাস্টারপ্ল্যান’। এটি ‘ড্রেনেজ মহাপরিকল্পনা’ নামে পরিচিত। নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে কী করণীয়, এই মহাপরিকল্পনায় এর স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু ২২ বছর পার হলেও কোনো নির্দেশনার বাস্তবায়ন হয়নি। এ মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের।
ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে আকাশে মেঘ দেখলেই আতঙ্ক ভর করে চট্টগ্রাম নগরীর নিচু এলাকার বাসিন্দাদের। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার ভোগান্তি। আবার রোদ ঝলমল করলেই যে স্বস্তি নেমে আসবে, তা-ও নয়। মেঘ নেই, বৃষ্টি নেই অথচ বিভিন্ন এলাকা পানিতে ডুবে আছে। কর্ণফুলী নদীর জোয়ারের পানি নগরীর বিভিন্ন খাল উপচে এই অবস্থার সৃষ্টি করে।
সিটি করপোরেশনের কর্তাব্যক্তিরা এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া দূরে থাক, ঠিকভাবে পড়েও দেখেননি বলে ধারণা নগর পরিকল্পনাবিদদের। তাঁদের মতে, ২০ বছর মেয়াদি এই মহাপরিকল্পনার মেয়াদ পার হলেও এখন পর্যন্ত কিছুই বাস্তবায়িত হয়নি। ফলে নগরবাসীও দুর্ভোগ থেকে রেহাই পায়নি; বরং সময় যতই গড়াচ্ছে, নগরীর জলাবদ্ধতা সমস্যা আরও প্রকট হচ্ছে। তাই এখনই সব সেবা সংস্থাকে সমন্বয় করে কাজ শুরু করার তাগিদ দিয়েছেন তাঁরা।
মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় জলাবদ্ধতা সমস্যা প্রকট আকার ধারণ করার বিষয়টি মেনে নিয়েছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতীতে সিটি করপোরেশন এটি কেন বাস্তবায়ন করেনি জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার আগের মেয়ররা কেন করেননি, তা ওনারাই ভালো বলতে পারবেন। তবে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।’
মহাপরিকল্পনা পর্যালোচনা করে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে জানা যায়, নগরীর জলাবদ্ধতা নিরসনে তিনটি নতুন প্রাইমারি (মূল) এবং ১৫টি নতুন সেকেন্ডারি (শাখা) খাল খনন, বিদ্যমান মূল ও শাখা খালগুলোর সংস্কার এবং অপদখলমুক্ত করা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত খালগুলোর মুখে ৩৬টি টাইডাল রেগুলেটর (জোয়াররোধক ফটক) স্থাপন, পাহাড়ি বালু ঠেকাতে বিভিন্ন খালে ১৯টি সিলট্র্যাপ (বালুর ফাঁদ), বৃষ্টি বা জোয়ারের পানি সংরক্ষণের জন্য আটটি জলাধার সংরক্ষণ করার প্রস্তাব ছিল মহাপরিকল্পনায়। নগরীর কোন কোন এলাকায় এসব করতে হবে, তারও স্পষ্ট নির্দেশনা রয়েছে এতে। প্রণয়নের সময় মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল ৯০০ কোটি টাকা। নির্ধারিত সময়ে বাস্তবায়িত না হওয়ায় এখন এর বাস্তবায়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার পেছনে বিভিন্ন সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন মনে করেন, সিটি করপোরেশনের একার পক্ষে ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। তিনি প্রথম আলোকে বলেন, এ জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডকে যুক্ত করতে হবে। এসব সংস্থা একসঙ্গে কাজ না করলে সমাধান আসবে না।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ‘নগর পরিস্থিতি: বাসযোগ্য চট্টগ্রামের জন্য শাসনব্যবস্থা’ শীর্ষক একটি গবেষণাপত্র ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রকাশ করে। এতে বলা হয়েছে, নগরীর মহাপরিকল্পনায় অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোকে উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রাম শহরে কোনো ড্রেনেজ ও ঝড়-বৃষ্টিজনিত সৃষ্ট পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনে নগরীর মহাপরিকল্পনা অগ্রাধিকার প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। এ জন্য সিটি করপোরেশন, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয় ও অর্থের অভাব অনেকাংশেই দায়ী।

এক খাল খননেই আটকে আছে সিটি করপোরেশন
চট্টগ্রাম নগরীর তিনটি নতুন মূল খাল খননের জন্য সুপারিশ করা হয় মহাপরিকল্পনায়। এর মধ্যে নগরীর বহদ্দারহাটের বারইপাড়ায় চাক্তাই খাল থেকে কর্ণফুলী নদী পর্যন্ত একটি, সিডিএ অ্যাভিনিউর পাশে মির্জা খাল থেকে চাক্তাই খাল পর্যন্ত (৫৫৪ মিটার দীর্ঘ ও ৭ মিটার প্রশস্ত) একটি এবং চান্দগাঁও এলাকায় নোয়াখালের পাশে (১৩১০ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থ) আরেকটি খাল খননের প্রস্তাব ছিল।
২০ বছর পার হলেও এখন পর্যন্ত একটি খালও খনন করতে পারেনি চট্টগ্রাম সিটি করপোরেশন। এর মধ্যে শুধু বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত একটি নতুন খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ২০১৪ সালের ২৪ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। কিন্তু ৩২৬ কোটি টাকার এই প্রকল্পে এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৬৩ কোটি টাকা। ফলে ভূমি অধিগ্রহণের কাজও শুরু হয়নি। ইতিমধ্যে এই প্রকল্পের ব্যয়ও প্রায় দ্বিগুণ হয়ে ৬১৫ কোটি টাকা হয়েছে। আর বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৯ সালের জুন পর্যন্ত। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ২ দশমিক ৯৭ কিলোমিটার দীর্ঘ ও ৬৫ ফুট প্রশস্ত।
দায়িত্ব পালনের সময় মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন বলে দাবি করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। মহাপরিকল্পনা অনুযায়ী বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্প একনেকেও অনুমোদন হয়। তবে মেয়াদের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারেননি বলে জানান তিনি। তাঁর দাবি, ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে তাঁর আগের কোনো মেয়র উদ্যোগ নেননি।
চট্টগ্রাম নগরীর সরকারি কমার্স কলেজের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে ঢাকা ট্রাঙ্ক (ডিটি) রোড পর্যন্ত ৩০০ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রশস্ত একটি নতুন সেকেন্ডারি খাল খননের কথা বলা হয়েছিল মহাপরিকল্পনায়। এই রকম অন্তত ১৫টি খাল খননের কথা বলা হয়। নগরীর বিদ্যমান খালগুলোর সঙ্গে সংযোগ করার জন্য এসব খাল খননের প্রস্তাব দেওয়া হয়। এতে করে ওই সব অঞ্চলের পানিনিষ্কাশন সহজ হবে। কিন্তু এসব খাল খননে কোনো দৃশ্যমান উদ্যোগ দীর্ঘদিনেও চোখে পড়েনি।
নগরীর আমবাগান থেকে আগ্রাবাদ আবাসিক এলাকায় দুটি, গয়না ছড়া খাল থেকে মহেশখাল পর্যন্ত একটি, শুলকবহরে একটি, ষোলোশহর নোয়াখালের সমান্তরালে একটি, উত্তর চান্দগাঁও এলাকায় তিনটি এবং হাটহাজারী সড়কের পূর্ব পাশে দুটি খাল খননের কথা বলা হয়েছিল।
জোয়াররোধক ফটক নেই, ভরা পূর্ণিমা-অমাবস্যায় ডোবে আগ্রাবাদ-বাকলিয়া
গত ৩০ ও ৩১ মে এবং ১১ ও ১২ জুন ভারী বর্ষণে ডুবে যায় নগরীর প্রায় ৩০ শতাংশ এলাকা। বিভিন্ন এলাকার পানি দু-তিন ঘণ্টার মধ্যে নেমে গেলেও নগরীর আগ্রাবাদ ও হালিশহর এলাকায় পানি জমে ছিল চার দিন। মূলত মহেশখালে অস্থায়ী বাঁধ দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল। আর এ বাঁধ দেওয়া হয়েছিল কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতা থেকে আগ্রাবাদ ও হালিশহরের বাসিন্দাদের রক্ষা করতে। একপর্যায়ে সেটি গলার কাঁটা হয়ে দাঁড়ায়। এখন সেটি অপসারণের কাজ চলছে।
জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী ও বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত খালগুলোর মুখে ৩৬টি জোয়াররোধক ফটক (টাইডাল রেগুলেটর) নির্মাণের কথা বলা হয় মহাপরিকল্পনায়। এখন পর্যন্ত একটি ফটকও নির্মাণ করা হয়নি। ফলে চাক্তাই, রাজাখালী, ডোমখালী ও মহেশখাল দিয়ে জোয়ারের পানি ঢুকে নগরীর বিভিন্ন এলাকা বৃষ্টি ছাড়াই ডুবে যায়।
চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, শুধু বৃষ্টি নয়, ভরা পূর্ণিমা ও অমাবস্যার সময়ও আতঙ্কে থাকতে হয়। কখন জোয়ারের পানিতে দোকান ও গুদামগুলো ডুবে যায়। প্রতিবছরই কোটি কোটি টাকার ক্ষতি হয়।
রক্ষা করা হয়নি জলাধারগুলো
বৃষ্টি ও জোয়ারের পানি যাতে একটি নির্দিষ্ট জায়গায় জমতে পারে, এ জন্য নগরীর আগ্রাবাদ, বাকলিয়াসহ আটটি এলাকায় জলাধার সংরক্ষণের কথা বলা হয়েছিল মহাপরিকল্পনায়। কিন্তু এসব জলাধার এলাকায় বসতি গড়ে উঠেছে।