আগুনে পুড়িয়ে মানুষ হত্যাসহ সব ধরনের সহিংসতা বন্ধ করা এবং রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। এই দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম মোর্চা। গণসংহতি আন্দোলনের সমন্বয় পরিষদের সদস্য আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে অবরোধ ও হরতাল চলছে, একই সঙ্গে চলছে সরকারি বাহিনীর চরম দমন-নিপীড়ন। পরিস্থিতি এতই ভয়াবহ ও নৃশংস যে দেশব্যাপী বাসে আগুন দেওয়া হচ্ছে, যাত্রীরা জীবন্ত দগ্ধ হচ্ছে, অনবরত বোমায় মানুষ আহত-নিহত হচ্ছে। বিএনপি বলছে, এই হামলা সরকারি এজেন্টরা করছে। অন্যদিকে জনগণের জানমালের নিশ্চয়তার দায়িত্ব সরকারের হলেও এখন পর্যন্ত প্রায় অধিকাংশ পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। বক্তারা বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মাধ্যমে গণতান্ত্রিকভাবে প্রতিবাদের পথ বন্ধ করার সরকারি তৎপরতারও নিন্দা জানান। বিজ্ঞপ্তি।