উদ্যাপন মানেই খাওয়াদাওয়া

রিশা খন্দকার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। খুশিতে বাবা মিষ্টি এনেছেন। তবে মূল উদ্যাপন শুরু হয়েছে সন্ধ্যার পর। রিশার পরিবারের সবাই খেতে গিয়েছে বাসার পাশের একটি চায়নিজ রেস্তোরাঁয়। বাদ যাননি ৬৩ বছরের দাদিও।
চাকরিজীবী দম্পতি নেহাল রহমান-সালমা ইসলামের ছুটির দিন শুক্রবার। এ দিন তাঁরা বাসার নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। স্কুলপড়ুয়া ছেলে-মেয়েকে সঙ্গ দিতে রাতের খাবারটা খান বাইরে। বাচ্চারাও এতে বেজায় খুশি থাকে।
পরীক্ষায় পাস, উৎসব, জন্মদিন, ছুটি, চাকরি পাওয়া, বিশেষ দিন—উপলক্ষ যা-ই হোক না, এর উদ্যাপনটা খাবারদাবারের মাধ্যমেই হয়। তবে এই উদ্যাপন ঘরের খাবারের চেয়ে বাইরের খাবারেই যেন বেশি জমে।
এটা কেন হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ঐতিহ্যগতভাবেই বাঙালিদের মধ্যে আতিথেয়তা বা খাওয়ানোর চর্চা রয়েছে। তবে আর্থসামাজিক কাঠামোর বদলের সঙ্গে সঙ্গে উদ্যাপনের সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। আগে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো হতো। আর এখন রেস্তোরাঁয়।
আনোয়ার হোসেন এর কারণ হিসেবে বলেন, এখন বেড়ানোর জায়গা নেই। আড্ডা দেওয়ার স্থান নেই। গৃহকর্মীর সহায়তা পাওয়ার সুবিধাও কম। মানুষের ব্যস্ততা বেড়েছে। তাই সব ধরনের উদ্যাপন হয়ে উঠেছে রেস্তোরাঁকেন্দ্রিক। মানুষের ক্রয়সক্ষমতা বৃদ্ধিও একটি কারণ।
ভোক্তাদের এই মনস্তত্ত্ব যেন ব্যবসায়ীরাও জানেন। শহরের সব এলাকায় এখন আছে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ। পাওয়া যাচ্ছে দেশীয় খাবারের পাশাপাশি থাই, চায়নিজ, কোরিয়া, জাপানিজ, ইন্ডিয়ান, মেক্সিকান খাবার। এমনকি রাস্তার পাশের খাবারের দোকানগুলোও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাড়ছে ভ্রাম্যমাণ খাবারের দোকানের সংখ্যাও।
পয়লা বৈশাখ, ইংরেজি নববর্ষ, একুশে ফেব্রুয়ারি, ঈদসহ সব ধরনের উৎসবেও একই সংস্কৃতি। পয়লা বৈশাখের দিনে বেলা করে রেস্তোরাঁয় গেলে যেমন পান্তা-ইলিশ জোটে না, তেমনি রাত বাড়তেই দ্রুত পছন্দের খাবার ফুরিয়ে যায়।
যেমন মিরপুরের সাগুফতা মোড়ে আছে অনেক খাবারের দোকান। বিকেল থেকেই নানা বয়সী মানুষ আসতে থাকে। সন্ধ্যা পরে বসার জায়গা পাওয়াই কঠিন। রেস্তোরাঁর পাশাপাশি ফুটপাতেও বেশ ভিড় জমে যায়। সাইকেল চালিয়ে এখানে খাবার খেতে এসেছেন রবিন হুদা। তিনি বলেন, এখানে এলে খাওয়াও হয়, বন্ধুদের সঙ্গে দেখাও হয়।
রাজধানীর বসুন্ধরা শপিং মলের ফুড কোর্ট, সীমান্ত স্কয়ার ফুড কোর্ট, শ্যামলী স্কয়ার ফুড কোর্ট, ৩০০ ফিট, পুরান ঢাকা—সব জায়গার চিত্র কমবেশি একই রকম।
তবে যেকোনো উপলক্ষেই বাইরে খাওয়ার হালের এই ধারা পছন্দ নয় সব বয়স্ক ব্যক্তির। ৫৭ বছরের রাশেদা বেগমের তিন সন্তানের ঘরে পাঁচ নাতি। তাঁর ইচ্ছে, বিশেষ দিনে নাতিদের নিজেই রান্না করে খাওয়াবেন। কিন্তু নাতিদের আগ্রহ বাইরের খাবারেই বেশি। তিনি আফসোস করে বলেন, ‘আমার মা বিশেষ দিনে নাতিদের রান্না করে খাওয়াতেন। আমি পারলাম না!’