উদয়ন স্কুলের দুই শিক্ষকের শাস্তির দাবি আহমদ শফীর
রাজধানীর উদয়ন স্কুলের কয়েক ছাত্রীর জামার হাতা কেটে দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িত দুই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।গতকাল শুক্রবার এক বিবৃতিতে শাহ আহমদ শফী এ দাবি করেন। তিনি বলেন, এ ধরনের জঘন্য ঘটনার বিচার না হলে দেশের সম্প্রীতি ও শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র উৎসাহিত হবে।বিবৃতিতে বলা হয়, মেয়েদের পোশাকের হাতা কাটার এ ঘটনা কেবল ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানেনি, বরং ইসলামের অলঙ্ঘনীয় বিধান পর্দা পালনে বাধা দেওয়ার মতো গুরুতর অপরাধ। ৯০ ভাগ মুসলমানের দেশে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে, তা ভাবাই যায় না। বিবৃতিতে আহমদ শফী বলেন, ‘মুসলিমপ্রধান একটি দেশে পর্দা পালনে বাধা সৃষ্টি করে কোনো ড্রেসকোড প্রচলন করা যায় না। এটা স্পষ্টই ইসলাম ও মুসলিম বিদ্বেষ ছাড়া আর কিছু নয়।’বিবৃতিতে আগ্রহী ছাত্রীদের পুরো হাতার পোশাক এবং হিজাব পরে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া এবং এ জন্য প্রয়োজনে স্কুলের ‘ড্রেসকোড’ পরিবর্তন করার দাবি জানানো হয়।